২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আশায় এবার শ্রীলঙ্কা অভিযান শুরু বাংলাদেশের

প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হলেও বাংলাদেশের কাছে এটি পাচ্ছে বাড়তি গুরুত্ব! ক্ষয়ে যাওয়া ফুটবলের কঙ্কাল সবশেষ বেরিয়ে এসেছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত দল পেরুতে পারেনি রাউন্ড রবিন লিগের বৈতরণী। সাফের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে তাই শ্রীলঙ্কার এ টুর্নামেন্টকে খড়কুটোর মতো আঁকড়ে ধরছে বাংলাদেশ জাতীয় দল। ঘুরে দাঁড়ানোর অভিযানে জামাল-জিকোদের প্রথম প্রতিপক্ষ সিশেলস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 08:01 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে সোমবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৪টায় মুখোমুখি হবে দুই দল। মাঠের লড়াইয়ে এবারই প্রথম দুই দলের দেখা হতে যাচ্ছে।

২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে না এলে এ দেশের ফুটবলপ্রেমীদের অনেকে হয়ত জানতেনই না সিশেলস নামের আফ্রিকার দেশটির কথা। ফিফা র‌্যাঙ্কিংয়েও তারা বাংলাদেশের চেয়ে পেছনে বেঞ্চের! বাংলাদেশ এ মুহূর্তে ১৮৭তম; সিশেলস ১৯৯তম।

বঙ্গবন্ধু গোল্ডকাপে এসে বুরুন্ডির বিপক্ষে হারের পর মরিশাসের বিপক্ষে ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠেছিল সিশেলস। ফাইনালে ওঠার লড়াইয়ে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হারে তারা। সেবার সেমি-ফাইনালে বুরুন্ডির বিপক্ষে হেরে থেমেছিল বাংলাদেশ।

সাফ পরবর্তী পরিস্থিতির বিবেচনায় সিশেলসের বিপক্ষে ম্যাচটি তাই ‘মহাগুরুত্বপূর্ণ’ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে রোববার পাঠানো ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোসের কণ্ঠেও একই সুর।

“আমাদের প্রস্তুতি ১০ থেকে ১২ দিনের। সবাই তৈরি প্রথম ম্যাচ খেলার জন্য। সবাই ফিট আছে। ভালো ফল করার জন্য খেলবে সবাই। গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে জয় পাওয়াটা। সিশেলস সম্পর্কে কিছু ধারণা আছে। দুই বছর আগে তারা বাংলাদেশে এসেছিল খেলতে। বুরুন্ডি ও ফিলিস্তিনের কাছে হেরেছিল, সেটাও ছিল প্রীতি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টও তেমনি। দেখি তারা কীভাবে খেলে…তবে সাফের পর এখানে ভালো কিছু দেখানোর এবং অর্জনের সুযোগ আছে আমাদের। সেই লক্ষ্যে দল খেলবে।”

সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ খেলা বিশ্বনাথ ঘোষ ও মতিন মিয়া ব্যক্তিগত কারণে যেতে পারেননি শ্রীলঙ্কায়। চোটের কারণে সোহেল রানা ও বিপলু আহমেদ এবং পাসপোর্ট ঝামেলায় নেই ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। চোট কাটিয়ে উঠলেও মাঝে কোনো ম্যাচ না খেলায় ফিরতে পারেননি মিডফিল্ডার মাশুক মিয়া জনি। চূড়ান্ত দলে নতুন মুখ ওবায়দুর রহমান নবাব ও ফয়সাল আহমেদ ফাহিম। ‘মুখ রক্ষার’ অভিযানে লেমোস তাকিয়ে আছেন তরুণদের দিকেও।

“চোটসহ নানা কারণে কয়েক জন নেই। তাদের জায়গায় তরুণ যারা এসেছে, তারা খেলবে। এটা নতুনদের জন্য ভালো একটা সুযোগ।”

প্রতিযোগিতা মাঠে গড়ানোর দুদিন আগে বাংলাদেশ দল নোঙর ফেলেছে শ্রীলঙ্কায়। সিশেলস একদিন আগে। ভ্রমণক্লান্তি প্রতিপক্ষের খেলায় প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে তেমন ভাবছেন না জামাল ভূইয়া। অধিনায়ক মনোযোগী নিজেদের লক্ষ্য পূরণ নিয়ে।

“লক্ষ্য হলো প্রতিযোগিতায় জেতা। আমরা জিততে পারলে পরের ধাপে যাব। সিশেলস গতকাল এসেছে। (ভ্রমণ ক্লান্তির প্রভাব) হতে পারে নাও হতে পারে। আগামীকাল দেখা যাবে।”

সিশেলস কোচ ভিভিয়ান বোথে জানিয়েছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলা দলের সঙ্গে বর্তমান দলের পার্থক্য আছে। শিরোপার ফেভারিটের তালিকায় তিনি বাংলাদেশ নয়, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে রেখেছেন।

“করোনাভাইরাসের কারণে অনেক দিন খেলা নেই। এ প্রতিযোগিতাকে সামনে রেখে একমাস প্রস্তুতি নিয়েছি আমরা। আমাদের দলটি তারুণ্যনির্ভর। সবার বয়স প্রায় ২৩। বাংলাদেশে খেলা দলের চেয়ে এই দলে পরিবর্তন আছে। বাংলাদেশে কয়েকজন খেলেছে। আমার কাছে এ প্রতিযোগিতায় মালদ্বীপ ফেভারিট, শ্রীলঙ্কারও সুযোগ আছে।”