‘এই ধাক্কা সামলে উঠবে সাকা’
টাইব্রেকারে গোল করতে না পারার বেদনা তো ছিলই। সঙ্গে যোগ হয়েছে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার যন্ত্রণা। ১৯ বছর বয়সী একজনের এতে টালমাটাল হওয়ারই কথা। তবে বুকায়ো সাকা এসবে টলবেন না বলেই বিশ্বাস মিকেল আর্তেতার। আর্সেনাল কোচের মতে, এই ধাক্কা সামলানোর মতো যথেষ্ট শক্ত সাকা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোববার ইতালির বিপক্ষে টাইব্রেকারে শেষ শটটি নেওয়ার গুরু দায়িত্ব পড়ে সাকার ওপর। আর্সেনালের এই ফুটবলারের শট ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা। ম্যাচ হেরে ট্রফির স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের।
সাকার আগে টাইব্রেকারে গোল করতে পারেননি মার্কাস র্যাশফোর্ড ও জ্যাডন সানচোও। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হতে হয় তিনজনকেই।
তিনজনই ইংল্যান্ডের তরুণ প্রতিভা। তিনজনের মধ্যে সাকার বয়স সবচেয়ে কম। তবে মানসিকতায় সাকা যথেষ্টই পরিণত, স্কাই স্পোর্টসকে বললেন তার ক্লাব কোচ আর্তেতা।
“সে দারুণ শক্ত মানসিকতার ছেলে। শুধু আর্সেনাল থেকেই নয়, জাতীয় দল থেকে, ইংল্যান্ডের সমর্থকদের কাছ থেকে এবং গোটা ফুটবল বিশ্ব থেকেই অনেক ভালোবাসা সে পেয়েছে। কারণ যেসবের ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে, এসব তার প্রাপ্য নয়। অবশ্যই সে এসব ধাক্কা সামলানোর মতো যথেষ্ট শক্ত।”
