অলিম্পিকের বাছাইয়ে ব্যর্থ হয়ে ভবিষ্যৎ ভাবনায় মো ফারাহ
চলতি মাসের শুরুর দিকে হাতছাড়া হয়েছিল প্রথম সুযোগ। টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়ার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারেননি মো ফারাহ। বাছাইয়ে ব্যর্থ হওয়ার পর চারবারের অলিম্পিক সোনা জয়ী ব্রিটিশ এই দৌড়বিদের মনে পেয়ে বসেছে ভবিষ্যৎ ভাবনা।
অলিম্পিকে ১০ হাজার মিটার ইভেন্টের ট্র্যাকে নামতে ফারাহর দৌড় শেষ করতে হতো ২৭ মিনিট ২৮ সেকেন্ডে। এ মাসের শুরুতে বাছাইয়ে ইউরোপিয়ান কাপে ২২ সেকেন্ড সময় বেশি নিয়েছিলেন তিনি। যেখানে গোড়ালির চোট ভুগিয়েছিল ২০১২ ও ২০১৬ অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারের সোনা জয়ী এই তারকাকে।
ম্যানচেস্টারে শুক্রবার ব্রিটিশ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও প্রায় ২০ সেকেন্ড সময় বেশি নেন তিনি। তাতে শেষ হয়ে যায় আবারও অলিম্পিকে যাওয়ার স্বপ্ন।
“এখন কী ভাবব বা সামনে কী আছে, জানি না। যদি সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দিতা নাই করতে পারি, তাহলে কেন শুধু শুধু?”
কোনো অজুহাত অবশ্য দিচ্ছেন না তিনি।
“কোনো অজুহাত দেখাতে চাই না...সত্যিই ভেবেছিলাম এখানে উতরে যাব, এরপর সময় পাব এবং অনুশীলন ক্যাম্পে ফিরে যাব।”
“অসাধারণ একটা ক্যারিয়ার পেরিয়ে এসেছি। আজকের ঘটনা কিছুটা অবাক করার মতো। জানি না কী বলব। আমি ভাগ্যবান যে এত পদক জিতেছি।”
