২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে মারাদোনা

শারীরিকভাবে অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে হয়েছে দিয়েগো মারাদোনাকে। তবে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 02:17 PM

Updated : 08 Apr 2022, 01:34 AM

হিমনেশিয়ার এই কোচের ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের উদ্ধৃতি দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গত সপ্তাহে অনেক ব্যস্ততার মধ্যে থাকায় মানসিকভাবে চাপে ছিলেন মারাদোনা। এর প্রভাব পড়েছে তার খাদ্যাভাসের উপর এবং এ কারণে হাসপাতালে যেতে হয়েছে তাকে।

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা মারাদোনা গত সোমবার লা প্লাতার ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতালে ভর্তি হন। লিওপোলদো নিশ্চিত করেন, বিশ্বকাপজয়ী এই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত নন।

“দেখা যাক, তাকে হাসপাতালে কতদিন থাকতে হয়। দিয়েগো এখন ভালো আছেন। তিনি উঠতে পারছেন এবং যেখানে খুশি যেতে পারছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেই। আমার মনে হয়, এখানে তাকে কমপক্ষে তিন দিন থাকতে হবে এবং শারীরিক ভারসাম্যের জন্য আগে নেওয়া চিকিৎসাই নিতে হবে। কোনো কিছু লুকানোর দরকার নেই এবং লুকানোর কিছুও নেই।”

টিওয়াইসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, পেটে গ্যাস্ট্রিকের সমস্যায় পড়েছেন মারাদোনা।