১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুর্দান্ত ফুটবলের আশা করতে মানা সাররির

অনাকাঙ্ক্ষিত বিরতির পর লিগ ফিরলেও কঠিন পরিস্থিতিতে সামনের দিনগুলো কেমন হবে, তা খেলোয়াড়দের অজানা। এই অবস্থায় দলগুলোর কাছে সমর্থকদের দারুণ ফুটবলের প্রত্যাশা করা ঠিক হবে না বলে মনে করেন ইউভেন্তুস কোচ মাউরিসিও সাররি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 05:09 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

করোনাভাইরাসের থাবায় স্থগিত থাকা সেরি আ গত ২০ জুন পুনরায় শুরুর পর সোমবার প্রথম ম্যাচ খেলতে নামে ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদো ও পাওলো দিবালার গোলে বোলোনিয়ার মাঠে ২-০ ব্যবধানে জেতে সাররির দল।

লিগ ফিরলেও তিন মাসের বিরতির ধাক্কা কাটিয়ে উঠতে এখনও লড়ছে দলগুলো। একই সঙ্গে খেলতে হচ্ছে গ্রীষ্মের তাপদাহের মধ্যে। ম্যাচ শেষে সাররি বললেন, সমর্থকদের তাই উচিত হবে স্বাভাবিকের চেয়ে ধীর গতির খেলার অপেক্ষায় থাকা। তাহলে আর আশাহত হতে হবে না।

“এটা পুরোপুরি ভিন্ন এক পরিস্থিতি…শারীরিক প্রস্তুতির এমন ঘাটতিতে ভুল করাটা খুব স্বাভাবিক।”

“দলগুলোর শারীরিক অবস্থা যথাযথ নয় এবং সামনের ম্যাচগুলো হবে অনেক গরমে। তাই আমার মনে হয়, সব দলের জন্যই খেলাটা খুব কঠিন হবে।”

সাররির দল অবশ্য মাঠে ফিরেছে আরও আগে। ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ দিয়ে। ইন্টার মিলানের বিপক্ষে সেই ম্যাচে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। আর নাপোলির বিপক্ষে ফাইনালের পেনাল্টি শুটআউটে ব্যর্থ হন দিবালা। শিরোপা হাতছাড়া হওয়ার পর দলের তারকা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন সাররি।

লিগে ফেরার ম্যাচে সেই দুই তারকার গোলেই জিতল ইউভেন্তুস। এই জয়ে সেরি আ শিরোপা ধরে রাখার দৌড়ে চার পয়েন্টে এগিয়ে গেছে দলটি। তবে ধারাবাহিকভাবে দুর্দান্ত ফুটবলের আশা তিনি করছেন না।

“আমি বলব না যে দারুণ ফুটবল হবে, কারণ অধিক গরমে খেলার গতি খুব বেশি হবে না। সবাই গতিময় ফুটবল দেখে অভ্যস্ত হয়ে উঠেছে…প্রতি ম্যাচেই ভালো খেলা সব দলের জন্য কঠিন হবে।”

২৭ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। এক ম্যাচ কম খেলা লাৎসিও ৬২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৭।

কেবল চলতি মৌসুমই নয়, ইতালিয়ান এই কোচের বিশ্বাস, আগামী মৌসুমের শুরুতেও দলগুলোকে ভুগতে হবে।

“এই মৌসুম শেষে ১৫ দিন পর আবার আমরা নতুন মৌসুমে মাঠে নামব এবং সেটাও হবে বিশেষ এক শুরু। কারণ প্রস্তুতি স্বাভাবিক নিয়মে হবে না।”