২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলির বিপক্ষে ঘরের মাঠে খেলতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ নিজেদের মাঠে দর্শকে ঠাসা স্টেডিয়ামে খেলেছিল নাপোলি। বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন মনে করেন, উয়েফার উচিত বার্সেলোনাকে ফিরতি লেগের ম্যাচটি লিসবনের নিরপেক্ষ ভেন্যুর বদলে কাম্প নউয়ে খেলার সুযোগ দেওয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 10:22 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

ফেব্রুয়ারিতে সান পাওলো স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। কোভিড-১৯ মহামারীর কারণে ফিরতি লেগের এই ম্যাচসহ স্থগিত হয়ে যায় প্রতিযোগিতাটির সব ম্যাচ। এটিসহ শেষ ষোলোয় মোট চারটি ম্যাচ বাকি।

গত বুধবার উয়েফা জানায়, স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে আগামী অগাস্টে পর্তুগালের লিসবনে বসবে ‘আট দলের মিনি-টুর্নামেন্ট।’ শেষ আটের ড্র হবে ১০ জুলাই।

শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-চেলসি, ইউভেন্তুস-অলিম্পিক লিওঁ ও বার্সেলোনা-নাপোলি লড়াইয়ের ফিরতি লেগ হবে আগামী ৭ ও ৮ অগাস্ট। তবে ম্যাচগুলোর ভেন্যু এখনও ঠিক করেনি উয়েফা। হতে পারে পূর্ব নির্ধারিত ভেন্যুতে, নয়তো পর্তুগালে।

Image
ছবি: বার্সেলোনা

ছবি: বার্সেলোনা

সেতিয়েন চান, ঘরের মাঠে খেলতে। লা লিগায় শুক্রবার সেভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগের দিন সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বার্সেলোনা কোচ।

“আমি ম্যাচটি আমাদের স্টেডিয়ামে খেলতে চাই। কারণ, যদি না খেলি তাহলে আমাদের প্রতিপক্ষকে সুবিধা দেওয়া হবে, যারা প্রথম লেগে খেলেছিল তাদের মাঠে এবং ভরা গ্যালারির সমর্থন পেয়েছিল।”

বদলে যাওয়া ইউরোপ সেরার প্রতিযোগিতায় এবার কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল হবে এক লেগে। উয়েফার এ সিদ্ধান্তের বিপক্ষে সেতিয়েন।

“আমি মনে করি এটা বাজে সিদ্ধান্ত, শুধু বার্সেলোনার জন্য নয়, সব দলের জন্য। দুই ম্যাচের ক্ষেত্রে ধাক্কা সামাল দেওয়া যায়, এখন সবকিছু থাকবে ঝুঁকির মধ্যে। আমি দুই লেগের পক্ষে কিন্তু উয়েফা এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে।”

করোনাভাইরাসের কারণে তিন মাসের বেশি সময়ের অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে মাঠে ফিরে লা লিগায় দুই ম্যাচেই জিতেছে সেতিয়েনের দল। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। তবে আগামী ম্যাচে পয়েন্ট তালিকার তিন নম্বর দলের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের দিতে হবে কঠিন পরীক্ষা।