মিনেরভাকে হারিয়ে জয়ের ধারায় থাকার লক্ষ্য আবাহনীর
প্রিমিয়ার লিগ ও এএফসি কাপে দারুণ ছন্দে আছে আবাহনী লিমিটেড। অন্যদিকে মিনেরভা পাঞ্জাব এফসির সময়টা ভালো যাচ্ছে না। দুঃসময়ের মধ্যে থাকা ভারতের আই লিগের চ্যাম্পিয়নদের সমীহ করলেও আবাহনীর লক্ষ্য তাদের হারিয়ে এএফসি কাপে জয়ের ধারা ধরে রাখার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদির মাঠে ১-০ গোলে জিতে এবারের গ্রুপ পর্ব শুরু করেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। চেন্নাইন এফসির সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল মিনেরভা।
লিগে দুই দলের সময়টা দুই রকম। ১২ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী মুকুট ধরে রাখার সম্ভাবনা ভালোভাবে জাগিয়ে রেখেছে। অন্যদিকে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন মিনেরভা ১৯ ম্যাচে চার জয় ও পাঁচ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে আছে দশম স্থানে।
দুই দলের লিগের সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে আবাহনী। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হারের পর টানা চার ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে মিনেরভা একটি জিতে হেরেছে চারটিতে।
আবাহনী কোচের চিন্তার জায়গা অবশ্য অন্যখানে। লিগের শেষ ম্যাচ জয়ের পর মাত্র দুই দিন সময় মিলেছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মারিও লেমোস জানালেন, অল্প সময়ে গুছিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। লক্ষ্যের প্রশ্নে জানালেন জয়ের ধারা ধরে রাখার কথা।
“মাত্র দুইদিন আগে আমরা শেখ জামালের বিপক্ষে খেলেছি, এ ম্যাচের জন্য মাঝে তাই দুই দিন সময় পেয়েছি খেলোয়াড়দের ফিটনেস ফিরিয়ে আনতে। রিকভারির জন্য তাদের বিশ্রাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। টাফ একটি ম্যাচ খেলার পর দুই দিনে খেলোয়াড়দের তৈরি করা কঠিন ছিল। তারপরও আমরা কিছু বিষয় নিয়ে কাজ করেছি। আশা করি, কাল আমরা জিতব।”
লেমোসের মনে হচ্ছে তার আক্রমণভাগের সঙ্গে লড়াইটা হবে প্রতিপক্ষের রক্ষণভাগের। তবে লিগে ৯ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা সানডে চিজোবা, ৮ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা নাবীব নেওয়াজ জীবন আক্রমণেভাগে থাকায় আত্মবিশ্বাসী আবাহনী কোচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েলিংতন সিরিনো প্রিওরির কাছেও গোল প্রত্যাশা লেমোসের।
“ওদের খুব শক্তিশালী রক্ষণভাগ আছে। ওদের দুই সেন্ট্রাল ডিফেন্ডার বিদেশি। মাঝমাঠের খেলোয়াড়রাও রক্ষণে যোগ দেয়। সব মিলিয়ে ওদের ডিফেন্স শক্তিশালী এবং গোছালো। তাদের স্থানীয় খেলোয়াড়রাও ভালো। আমাদের আক্রমণভাগও অনেক শক্তিশালী। আপনারা জানেন শেষ পাঁচ ম্যাচে আমাদের ফরোয়ার্ডরা ১২ গোল করেছে।”
“ওয়েলিংতন খুব ভালো এবং অভিজ্ঞ খেলোয়াড়। সে প্রথম ম্যাচ ভালো খেলেছে। তার কাছে আমি অনেক প্রত্যাশা করি। আমি মনে করি দলকে তার অনেক কিছু দেওয়ার আছে। তার দিকেও আমি তাকিয়ে আছি। সামনের ম্যাচে হয়ত সে ব্যবধান গড়ে দেবে।”
শেখ জামাল ম্যাচে ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল আবাহনী। মিনেরভার বিপক্ষে শিষ্যদের তাই সতর্ক করছেন কোচ। দিচ্ছেন মনোযোগ না হারানোর পরামর্শ।
“শেখ জামাল ম্যাচে ডিফেন্সের ঘাটতি নয়, আমার মনে হয় মনোযোগের ঘাটতি হয়েছিল। যখন ম্যাচটা ৪-১ ছিল, তখন আমার মনে হয়েছে ছেলেরা জামাল ম্যাচ ছেড়ে এএফসি কাপের ম্যাচ নিয়ে ভাবা শুরু করেছিল। ফলে মনোযোগের ঘাটতি পড়েছিল। বিষয়টা যদি এ ম্যাচে থাকে তাহলে কিন্তু আমাদের জেতা সম্ভব হবে না। আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।”
দুঃসময়কে পেছনে ফেলতে আবাহনীকে হারানোর লক্ষ্য জানালেন মিনেরভা কোচ শচিন বারদে। প্রতিপক্ষ সম্পর্কে ভালো জানা আছে বলেও জানালেন তিনি।
“আমরা খুবই আত্মবিশ্বাসী; ছেলেরা আসলেই কঠোর পরিশ্রম করছে। তারা ম্যাচটাকে নিয়ে আরও বেশি মনোযোগী। আবাহনী ভালো দল। আবাহনীর প্রতিটি খেলোয়াড়কে আমরা জানি। আমরা ৩ পয়েন্টের জন্য খেলতে নামব।”
