২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিএআর প্রযুক্তির প্রশংসায় রোনালদো

ইতালির শীর্ষ লিগ সেরি আয় ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহারকে ইতিবাচকভাবে দেখছেন ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 11:17 PM

Updated : 08 Apr 2022, 07:33 PM

শনিবার ঘরের মাঠে সাম্পদোরিয়ার বিপক্ষে লিগে ২-১ গোলে জয় পায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ম্যাচটিতে প্রযুক্তির সাহায্য নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন রেফারি।

দ্বিতীয় মিনিটে পাওলো দিবালার ক্রস থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। ৩৩তম মিনিটে ইউভেন্তুসের ডি-বক্সে এমরে কানের হ্যান্ডবলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তা থেকে ম্যাচে সমতা আনেন ফাবিও কুয়াইয়েরেল্লা। বিরতির পর আবারও প্রযুক্তির সাহায্য নিয়ে হ্যান্ডবলের জন্য পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবারে স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউভেন্তুসের জালে বল জড়ালেও ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে অফসাইডের কারণে তা বাতিল করা হয়।

বার বার প্রযুক্তির সাহায্য নেওয়ায় এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ৮ মিনিট সময় যোগ করা হয়। তবে কঠিন পরিস্থিতিতে রেফারিদের কাজ সহজ করতে যে কোনো ব্যবস্থাকে সমর্থন দিতে চান বলে স্কাই স্পোর্ত ইতালিয়াকে জানান ৩৩ বছর বয়সী রোনালদো।

“আমি ভিএআরের পক্ষে কারণ এতে করে তুলনামূলক ভুল কম হয়। আমাদের রেফারিদের শান্তিতে কাজ করতে দিতে হবে। কিছু কিছু পরিস্থিতি তাদের জন্যও সহজ নয়।”

চলতি মৌসুমে লিগে এখনও হারের মুখ দেখেনি ইউভেন্তুস। ১৭টিতে জয় পাওয়ার পাশাপাশি ড্র করেছে মোটে দুটি ম্যাচ। বিশটি দলের অংশগ্রহণে সেরি আ চালু হওয়ার পর মৌসুমের প্রথম ১৯ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়েছে তারা। দলের পারফরম্যান্সে খুশি রোনালদো।

“দল ভালো করছে। মৌসুমের প্রথম অর্ধটা আমাদের দারুণ কেটেছে। আর আমাদের পরিশ্রম করে যেতে হবে। যাতে করে মৌসুমের দ্বিতীয় অর্ধেও আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারি।”

লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইউভেন্তুসের সংগ্রহ ৫৩ পয়েন্ট।