২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে বার্সার নাটকীয় জয়

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের তিন দিন পর কোপা দেল রেতে হোঁচট খেতে বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ক্লেমোঁ লংলের গোলে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 04:42 AM

Updated : 08 Apr 2022, 07:15 PM

বুধবার রাতে স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সেরা বত্রিশের প্রথম লেগে ১-০ গোলে জেতে গতবারের চ্যাম্পিয়নরা।

গত রোববার লিগে রিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে খেলা সবাইকে বাইরে রেখে একাদশ সাজান এরনেস্তো ভালভেরদে।

তারকা খেলোয়াড়রা দলে না থাকলেও বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল বার্সেলোনার। স্বাগতিকরাও মাঝে মধ্যে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নেয়। তবে গোলের দেখা মিলছিল না।

অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। স্বদেশি ফরোয়ার্ড উসমান দেম্বেলের দারুণ ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন বদলি নামা ফরাসি ডিফেন্ডার লংলে।

দুই মিনিট পর স্পেনের মিডফিল্ডার সের্হিও মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লেওনেসা। পরের মিনিটেই দেনিস সুয়ারেস দারুণ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

আগামী শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর মাঠে খেলবে বার্সেলোনা।

প্রথম লেগে দিনের আরেক ম্যাচে তৃতীয় সারির ক্লাব মেলিয়ার মাঠে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।