২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসি বাদ পড়ায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ফিফা পুরস্কার’

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও লিওনেল মেসিকেই বিশ্বের সেরা ফুটবলার মানছেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার ফিলিপে লুইস। তার মতে, ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ এর দৌড়ে তিন জনের তালিকায় আর্জেন্টিনা অধিনায়ক না থাকায় পুরস্কারটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 07:27 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ডাবল, লা লিগা ও কোপা দেল রে জয়ে বড় অবদান রাখেন মেসি। তবে ফিফা বর্ষসেরার লড়াইয়ের জন্য তা যথেষ্ট হয়নি। আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে তিন জনের তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মোহামেদ সালাহ।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় নেই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের কোনো সদস্য। তাই পুরো বিষয়টা ‘উদ্ভট’ ঠেকছে আতলেতিকোর ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানের কাছে। তবে লুইসের মতে, বিশ্বকাপ জয়ীরা না থাকায় নয় বরং মেসির অনুপস্থিতিতেই পুরস্কারটির বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

“পুরস্কারটা বিশ্বের সেরা খেলোয়াড়ের। আমার মতে, আগের বছরগুলোর মতো আজকেও বিশ্বের সেরা ফুটবলার মেসি।”

“যখন সে এতে থাকে না, তখন তা বিশ্বাসযোগ্যতা হারায়। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগ কে জিতল তাতে কোনো কিছু যায় আসে না। সেই সেরা।”