২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর অন্যরকম বর্ষবরণ

ক্লাবের হয়ে ২০১৭ সাল দুর্দান্ত কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। জিতেছেন পাঁচটি শিরোপা, হয়েছেন পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলার। নতুন বছরেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় এ পর্যন্ত জেতা ব্যক্তিগত পুরস্কার নিয়ে ক্যামেরাবন্দি হলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 06:03 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে দলগত অনেক শিরোপা জিতেছেন রোনালদো। এর মধ্যে গত বছর রিয়ালের জার্সিতে জিতেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা।

দলের সাফল্যে দারুণ অবদান রাখার পুরস্কার হিসেবে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জয়ের পর ডিসেম্বরের শুরুতে ব্যালন ডি’অর জিতেন তিনি।

এ পর্যন্ত জেতা পাঁচটি ব্যালন ডি’অর, চারটি গোল্ডেন বুট ও তিনটি উয়েফা প্লেয়ার অব দ্য ইয়ারসহ আরও কয়েকটি পুরস্কার সামনে নিয়ে তোলা নিজের একটি ছবি মঙ্গলবার ইন্সটাগ্রামে পোস্ট করেছেন রোনালদো।

সঙ্গে লিখেছেন, “যখন আমি মাদেইরার রাস্তায় খেলতাম আর ফুটবলের চূড়ায় ওঠার স্বপ্ন দেখতাম তখন কল্পনাও করতে পারিনি এক দিন আমি এমন একটি ছবি তুলবো।”

 

 “এই মুহূর্তটি সবার উপরে আমি আমার পরিবার, বন্ধু, সতীর্থদের উৎসর্গ করছি। উৎসর্গ করছি সব কোচদের যাদের কাছ থেকে আমি সবসময় শিখেছি এবং ক্লাব ও দল নির্বাচন প্রক্রিয়ায় কাজ করা সবাইকে। সবশেষে বিশেষ ধন্যবাদ ভক্তদের। এই ট্রফিগুলো আপনাদেরও।”