২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশের মাঠে ফরাসিদের হোঁচট

ফুটবল ঐতিহ্য, সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা শক্তির বিচার- সব দিক দিয়েই ফেভারিটের তকমাটা ছিল ফ্রান্সের গায়ে। মাঠের লড়াইয়ে দাপুটে ফুটবলে তার প্রমাণও মিলল; কিন্তু গোলের দেখা পেল না ফরাসিরা। ফলে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ‘দুর্বল’ বেলারুশের মাঠে পয়েন্ট হারাতে হলো গত ইউরোর রানার্সআপদের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 03:03 AM

Updated : 11 Oct 2022, 08:42 PM

বরিজভ অ্যারেনায় মঙ্গলবার রাতে ফিফা র‌্যাংকিংয়ের ৭০তম স্থানে থাকা বেলারুশের সঙ্গে গোলশূন্য ড্র করেছে র‌্যাংকিংয়ের সপ্তম দল ফ্রান্স।

প্রতিপক্ষের মাঠে শুরুতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়দের খেলায় ছন্দের অভাব থাকলেও দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় তারা। ৩৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো দলটি; কিন্তু কাছ থেকে অলিভিয়ে জিরুদের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ঠেকান এক ডিফেন্ডার।

৫৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে অঁতোয়ান গ্রিজমান দারুণ এক ফ্লিকে ভিতরে ঢুকে পড়া জিরুদকে বল বাড়ান। কিন্তু এই আর্সেনাল ফরোয়ার্ডের কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

কিছুক্ষণ পর এক মিনিটের ব্যবধানে অতিথিদের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমবার, প্রায় ২৫ গজ দূর থেকে গ্রিজমানের দুর্দান্ত ফ্রি কিক দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক আন্দ্রে গোরবুনোভ। পরে কর্নারে জিরুদের হেড ক্রসবারে লাগলে ফ্রান্সের হতাশা বাড়ে।

চার মিনিট বাদে ফ্রান্সের সামনে ফের বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক। পিএসজির ডিফেন্ডার লেইভিনের হেড কর্নারের বিনিময়ে ঠেকান তিনি। ৭৩তম মিনিটে আবারও গোরমুনেভে রক্ষা বেলারুশের।

৮৪তম মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন এক মিনিট আগেই বদলি নামা কেভিন গামেহো। বাঁ দিক থেকে গ্রিজমানের ক্রস ফাঁকায় দাঁড়ানো এই ফরোয়ার্ড বুক দিয়ে নামালেও ঠিকমতো শট নিতে পারেননি। 

নেদারল্যান্ডস ও সু্ইডেনের মধ্যে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

গ্রুপের আরেক ম্যাচে বুলগেরিয়া ৪-৩ গোলে হারিয়েছে লাক্সেমবার্গকে।