২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারোত্তোলনে ইরানের হট্টগোল, সোনা জর্জিয়ার

বেহদাদ সালিমিকোরদাসিয়াবির দিকে খুব করে তাকিয়ে ছিল ইরান। কিন্তু পারেননি এই ভারোত্তোলক। উল্টো সুপার-হেভিওয়েটের এই বিভাগে হট্টগোল করেছেন দেশটির কর্মকর্তারা, ডাকতে হয়েছে নিরাপত্তারক্ষী। এর মধ্যেই বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন জর্জিয়ার লাশা তালাখাদজে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 04:07 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

রিও গেমসের একাদশ দিন মঙ্গলবার স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তালাখাদজে ৪৭৩ কেজি তুলেছেন। ১৬ বছর আগে সিডনি অলিম্পিকে ৪৭২ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন ইরানের ভারোত্তোলক হোসেইন রেজাজাদেহ।

৪৫১ কেজি তুলে রুপা জিতেছেন আরমেনিয়ার গোর মিনাসিয়ান। আর ৪৪৮ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন লাশার স্বদেশি ইরাকলি তুরমানিদজে।

সুপার-হেভিওয়েট বিভাগ থেকে ফেভারিট বেহদাদ সোনা জিতলে অলিম্পিকের এক আসরে ভারোত্তোলন থেকে তিন সোনা জয়ের রেকর্ড গড়ত ইরান।

বেহদাদের ক্লিন অ্যান্ড জার্কে ২৪৫ কেজি তোলার দ্বিতীয় প্রচেষ্টা সঠিক ছিল না। ওজন তোলার পর বেহদাদের বাঁ হাত নিয়ম অনুযায়ী সোজা ছিল না বলে জুরিরা রায় দেন। সেই থেকে শুরু হয় হট্টগোল।

ইরাকি এক জুরি প্রতিহিংসাপরায়ন আচরণ করেছেন বলে দাবি করেন ইরানের কোচ। দলের অন্যরাও সুর মেলায় কোচের সঙ্গে। পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের ডাকতে বাধ্য হন আয়োজকরা।

আচরণের জন্য ইরানকে শাস্তির মুখেও পড়তে হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সভাপতি।