মেজবাহর লক্ষ্য সেরা টাইমিং আর নেইমারের অটোগ্রাফ
শঙ্কার মেঘটুকু সরে যাওয়ার পর রিও দে জেনেইরো অলিম্পিক নিয়ে দুটো স্বপ্ন দেখছেন মেজবাহ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় দেশের এই দ্রুততম মানব জানালেন, তার প্রথম লক্ষ্য মর্যাদার ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং ছাপিয়ে যাওয়া। দ্বিতীয়টি প্রিয় ফুটবলার নেইমারের অটোগ্রাফ নেওয়া।
প্রশ্ন: অবশেষে তো অলিম্পিকে যাওয়া হচ্ছে...
মেজবাহ আহমেদ: হ্যাঁ। এটা নিয়ে একটু তো টেনশনে ছিলামই। চারবারের দ্রুততম মানব হওয়ার পরও অলিম্পিকে যেতে পারব না, এটা মানতে কষ্ট হওয়াটা স্বাভাবিক। এখন আসলে খুবই ভালো লাগছে।
প্রশ্ন: আপনার মতো নিশ্চয় পরিবারের সবার মুখেও স্বস্তি ফিরেছে...
মেজবাহ আহমেদ: আসলে আমার রক্তমাংশের সঙ্গেই জড়িয়ে আছে অ্যাথলেটিকস। আমার মা (শাহীনা বেগম), মামা (মঞ্জুর) অ্যাথলেট। শাহ আলম ভাই যখন সেরা হতেন, আমার মামা হতেন দ্বিতীয়। মা ও মামার স্বপ্ন আমাকে দিয়ে পূরণ হয়েছে। তারা আমাকে নিয়ে গর্বিত।
মামা দ্রুততম মানব হতে পারেননি, আমি ভাগ্নে হয়ে সেটা পূরণ করেছি। মায়ের আশা ছিল তার ছেলে শুধু এশিয়ান গেমস নিয়ে পড়ে থাকবে না, অলিম্পিকে খেলবে, সেটাও পূরণ হয়েছে।
প্রশ্ন: মা-মায়ের স্বপ্ন পূরণের পর ব্রাজিলে তাহলে কি লক্ষ্য নিয়ে যাচ্ছেন?
মেজবাহ আহমেদ: নিজের সেরা টাইমিং ভাঙা। ভালো টাইমিং বলতে শেষ এসএ গেমসে আমি ১০.৭২ সেকেন্ডে দৌড়িয়েছি। সেখানে অলিম্পিকে যদি ১০.৭০ সেকেন্ড টাইমও করতে পারি, তাহলে মনে হবে টাইমিং ভালো হয়েছে।
আর আমি যেহেতু ফুটবলে ব্রাজিলকে সমর্থন করি, সেই ব্রাজিলে যাচ্ছি অলিম্পিক খেলব, খুবই ভালো লাগছে। নেইমারের সঙ্গে দেখা হলে অবশ্যই তার অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করব। একটা সেলফি তোলার চেষ্টা করব।
(সব শেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০.৬০ সেকেন্ডে দৌড় শেষ করেন মেজবাহ। আগের সামার মিটে টাইমিং ছিল ১০.৪৩ সেকেন্ড। তবে হাতঘড়ির সময় হওয়ায় এটাকে সেরা হিসেবে ধরা হয়নি)
প্রশ্ন: অলিম্পিকে প্রথম হলেও তো বিদেশে ট্যুর আপনার এই প্রথম নয়। অভিজ্ঞতা থেকে বলুন বাইরের স্প্রিন্টারদের সঙ্গে নিজেদের ব্যবধান কত?
মেজবাহ আহমেদ: এটা আমার ১৪ বা ১৫তম ট্যুর। বাইরের দেশের অ্যাথলেটিকসের সঙ্গে আমাদের ব্যবধানটা এখন আকাশ-পাতাল। আমাদের যে ট্রেনিং সুবিধা তা বাইরের দেশের সঙ্গে কখনই মিলবে না। মেলাতে গেলেও অনেক সময় লাগবে।
প্রশ্ন: বাইরের দেশের অ্যাথলেটদের সঙ্গে ব্যবধান ঘোঁচাতে কি করণীয়?
দেশের বাইরে দীর্ঘমেয়াদী অনুশীলন করতে পারলে আমার মনে হয়, আমি আরও ভালো টাইমিং করতে পারতাম।
প্রশ্ন: একটু আগে অ্যাথলেটিকসের সাধারণ সম্পাদক বলছিলেন, শারীরিক গড়নের কারণে বাইরের অ্যাথলেটদের চেয়ে আমরা শুরু থেকে পিছিয়ে থাকি...
মেজবাহ আহমেদ: স্যারের সঙ্গে আমিও একমত। এখানে আমরা আনফিট। বোল্টের যে ফিগার, যে উচ্চতা, সেটার তুলনায় আমরা পিছিয়ে।
প্রশ্ন: কিন্তু শিরিন বলছিলেন, শেলি অ্যান ফ্রেজার প্রাইস (বিশ্বের দ্রুততম মানবী) ও তার উচ্চতা একই।
মেজবাহ আহমেদ: দেখুন, দুজনের উচ্চতায় পার্থক্য নেই কিন্তু দুজনের মাংশপেশি, ট্রেনিংয়ে অনেক তফাৎ আছে। তবে আমি মনে করি এই পার্থক্য দূর করতে আমাদের যা আছে, তা নিয়েই আপ্রাণ চেষ্টা করতে হবে।
প্রশ্ন: লক্ষ্য পূরণের প্রস্তুতি নিয়ে কতটা খুশি?
মেজবাহ আহমেদ: প্রস্তুতি আগে থেকেই ছিল। আসলে লন্ডন অলিম্পিকের পর থেকে আমরা ব্রাজিল অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছি। এটা সামনে রেখেই চারবার দেশের দ্রুততম মানব হয়েছি। যখন শুনলাম যেতে পারছি না, তখন আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন সুযোগ হয়েছে। ভালো লাগছে। প্রস্তুতিও ভালো। আশা করি ভালো টাইমিং হবে।
প্রশ্ন: শোনা যাচ্ছে জিকা ভাইরাস, জঙ্গি আক্রমণের ভয়ে অনেকে ব্রাজিল যাচ্ছেন না...
মেজবাহ আহমেদ: এসব নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। আশা করি নিজের সেরা টাইমিং করে দেশে ফিরতে পারব।
