অলিম্পিকে খেলার স্বপ্নই দেখেননি আর্চার শ্যামলী
যে স্বপ্নটা কখনও দেখার দুঃসাহস হয়নি, সেটাই সত্যি হতে চলেছে। প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন শ্যামলী রায়। ৫ অগাস্টের রিও দে জেনেইরোর অলিম্পিক সামনে রেখে উচ্ছ্বাসের ঝাঁপি খুলে দিলেন ২২ বছর বয়সী এই আর্চার।
প্রশ্ন: প্রথমবারের মতো অলিম্পিকে যাচ্ছেন। নিশ্চয় খুব বেশি শিহরিত?
শ্যামলী: খুবই ভালো লাগছে। এই প্রথম অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছি। এটাই আমার জন্য বড় পাওয়া। কখনও কল্পনা করতে পারিনি, অলিম্পিকের মতো এত বড় আসরে খেলব। খেলোয়াড়দের সবারই আশা থাকে; কিন্তু সত্যি বলতে আমার এত বড় আশা ছিল না! এত বড় স্বপ্নও কখনও দেখিনি।
বাবা-মা, ভাই বোন, বন্ধু-বান্ধব সবাই ভীষণ খুশি। সবার চাওয়া আমি যেন অলিম্পিকে ভালো করি। আমরা পাঁচ ভাইবোন। তিন বোন, দুই ভাই। পাঁচ জনের মধ্যে আমি তিন নম্বর। আমি আসলে ভাগ্যবানদের মধ্যে একজন; বাবা-মা কখনই চলার পথটা কখনও আটকাননি।
প্রশ্ন: সত্যি সত্যি একবারও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখেননি?
শ্যামলী: সত্যিই না। সবারই স্বপ্ন থাকে, আশা থাকে অলিম্পিকে খেলার কিন্তু যখন শুরু করি, তখন এমন কখনও মনে হয়নি। তবে যখন এগুলোর সঙ্গে একটু একটু করে পরিচিত হতে লাগলাম, মিলন ভাই (ইমদাদুল হক মিলন) আর্চারি থেকে লন্ডন অলিম্পিকে গেলো, তখন মনে হতো, একদিন হয়ত আমার সামনেও এমন সুযোগ আসতে পারে।
ওয়াইল্ড কার্ড পেলাম ভাগ্যের কারণেই। কেউ কিন্তু আমাকে গোণায় ধরেনি। আমিও ভাবিনি এটা পাব। আর প্রথমবার যাচ্ছি বলে আমার ভালো লাগাটা বেশি। কিন্তু ওয়াইল্ড কার্ড নিয়ে যাওয়াটা যে কোনো অ্যাথলেটের জন্যই লজ্জার, আমার জন্যও তাই। প্রথমবার যদি সরাসরি যোগ্যতা অর্জন করতে পারতাম, তাহলে এই ভালোলাগার মধ্যে একটুও খারাপ লাগা থাকত না।
প্রশ্ন: দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে যাচ্ছেন সিদ্দিকুর রহমান...
শ্যামলী: হ্যাঁ, কদিন আগেই তার সঙ্গে বিওএর (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) একটি অনুষ্ঠানে পরিচয় হয়েছে। সেদিন তিনি খুব ব্যস্ত ছিলেন। দেশের হয়ে প্রথম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছি।
প্রশ্ন: অলিম্পিকের প্রস্তুতি কেমন চলছে? অনুশীলনের সুবিধা কেমন?
শ্যামলী: প্রস্তুতি ভালোই হচ্ছে। ঈদের ছুটির পর (টঙ্গিতে) আবারও শুরু হয়েছে। যদি আরও আগে জানতে পারতাম ওয়াইল্ড কার্ড পাব, যদি এর মধ্যে দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে পারতাম, তাহলে এ মুহূর্তে তাদের সঙ্গে নিজের ব্যবধানটা জানতে পারতাম। অলিম্পিকে কি করতে পারব, সেগুলো ভালোভাবে বুঝতে পারতাম।
প্রশ্ন: দেশের বাইরের টুর্নামেন্টের কথা বলছেন কিন্তু দেশের বাইরে যাওয়া, টুর্নামেন্ট খেলা তো আপনাদের কাছে খুব বেশি অপরিচিত বিষয় নয়।
শ্যামলী: তা ঠিক। অনেকবার দেশের বাইরে গিয়েছি। ২০১৫ সালে ডেনমার্কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (৫৭তম), ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছি, সেখানে ৩৩তম হয়েছিলাম। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস খেলেছি। চীন, চাইনিজ তাইপেতেও গিয়েছি টুর্নামেন্ট খেলতে।
ব্যাংককের আসরে আমাদের পরে একটা সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে ৬১৮ স্কোর গড়ে ১৯তম হয়েছিলাম; ওটাই আমার সেরা। ডেনমার্কেও ভালো স্কোর গড়েছিলাম। এ কারণে ওয়াইল্ড কার্ড পেলাম।
প্রশ্ন: বিদেশে একাধিকবার যাওয়ার অভিজ্ঞতা থেকে বলুন, তাদের আর্চারদের সঙ্গে আপনাদের তফাৎটা কোথায়?
শ্যামলী: মনে হয় তারা যতটা সহজভাবে অনুশীলন করতে পারে, খেলতে পারে, আমরা পারি না। আমাদের যে কোচ আছে, তারা ভালো, যথেষ্ট আন্তরিক। কিন্তু অনুশীলনের জন্য আরও উন্নত প্রশিক্ষণ, দেশে-বিদেশে বেশি-বেশি টুর্নামেন্ট হলে আমরা আরও সহজভাবে নিজেদের মেলে ধরতে পারতাম।
প্রশ্ন: দেশের প্রতিযোগিতাগুলোতে তো নিজেকে আপনি খুব বেশি মেলে ধরতে পারেননি..
শ্যামলী: হুম। ২০১৪তে একটা ন্যাশনালেই খেলেছি; ব্যক্তিগত রিকার্ভে ব্রোঞ্জ জিতেছিলাম। সিনিয়র পর্যায়ে কোনো আন্তর্জাতিক পদক পাইনি। তবে জুনিয়র টুর্নামেন্টে পদক আছে। ২০১১ সালে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছিলাম, সেটাতে টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলাম। গ্রাঁ প্রিঁর ওই আসরটা বাংলাদেশেই হয়েছিল।
প্রশ্ন: অলিম্পিক নিয়ে তাহলে আপনার লক্ষ্যটা কি?
শ্যামলী: যতটুকু সম্ভব ভালো করা, দেশকে দেওয়ার। নিজের সেরা স্কোরকে ছাপিয়ে যাওয়ার। যেভাবে অনুশীলন করেছি, তাতে নিজের বর্তমান সেরাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করি।
