আর্জেন্টিনা কোচের পদ ছাড়লেন মার্তিনো
কোপা আমেরিকার ফাইনালে হারলেও অলিম্পিক মিশনে জেরার্দো মার্তিনোকেই কোচের দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু মার্তিনো হঠাৎ করেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
মার্তিনোর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করে এএফএ। সংস্থাটির দেওয়া বিবৃতিতে বলা হয়, “জাতীয় দলের টেকনিক্যাল কমিটি তাদের পদত্যাগ পত্র গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, এএফএর নতুন কমিটির কাঠামো নিয়ে অনিশ্চয়তা এবং আর্জেন্টিনার অলিম্পিকের দল গঠন সংক্রান্ত সমস্যার কারণে মার্তিনো ও তার সহযোগীরা পদত্যাগের পথটা বেছে নিয়েছেন।
ব্রাজিল বিশ্বকাপ শেষে আলেহান্দ্রে সাবেইয়া চলে যাওয়ার পর ২০১৪ সালের অগাস্টে মার্তিনোকে কোচ নিয়োগ দিয়েছিল এএফএ। দুই বছরের দায়িত্বে দুই বার দলকে কোপা আমেরিকার ফাইনালে তোলেন বার্সেলোনার সাবেক এই কোচ। কিন্তু দুই বারই শিরোপা জিততে ব্যর্থ হয় আর্জেন্টিনা।
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর হঠাৎ করে আর্জেন্টিনাকে বিদায় বলে দেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে খবর বের হয়, যদিও এখন পর্যন্ত আর কেউ অবসর নেওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি।
আর্জেন্টিনার গণমাধ্যম জানায়, রিও দে জেনেইরো অলিম্পিকের জন্য ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে চাইছে না বলে হতাশ ৫৩ বছর বয়সী মার্তিনো। এই মুহূর্তে আর্জেন্টিনার অলিম্পিক দলে কেবল ৯ জন খেলোয়াড় আছেন এবং দেশটির অলিম্পিক কমিটির সভাপতি ইঙ্গিত দিয়েছেন, দল নাও পাঠাতে পারেন তিনি।
আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিওতে শুরু হবে অলিম্পিকের পরের আসর। মার্তিনো চলে যাওয়ায় অলিম্পিকের সোনা জয়ের মিশনে নামার আগে আর্জেন্টিনাকে নতুন কোচের খোঁজে নামতে হবে।
