২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ফিরবে: স্তইচকভ

অবসর ভেঙে আর্জেন্টিনার জার্সিতে কি ফিরবেন লিওনেল মেসি? কোপা আমেরিকার ফাইনালের পর থেকে এ প্রশ্নের উত্তর খুঁজছে ফুটবল বিশ্ব। পেলে, দিয়েগো মারাদোনা, রোনালদো, ক্রিস্তিয়ানো রোনালদোর পর এবার বুলগেরিয়ার কিংবদন্তি ফুটবলার রিস্তো স্তইচকভও শোনালেন আশার কথা-মেসি ফিরবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 09:27 AM

Updated : 20 Aug 2022, 01:09 PM

স্পেনের রেডিও কাদেনা কোপের সঙ্গে আলাপচারিতায় মেসির অবসর, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো ফ্রান্সের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানকে নিয়ে কথা বলেন স্তইচকভ। বার্সেলোনার হয়ে পাঁচটি লা লিগা ও ১৯৯১-৯২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের রোনালদোকে বরাবরের মতো এদিনও বিদ্ধ করেছেন সমালোচনার তিরে।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টিনাকে হঠাৎ বিদায় বলে দেন মেসি। সেই থেকে তার সিদ্ধান্ত বদলানো নিয়ে আশার কথা শোনাচ্ছেন অনেকে। ১৯৯৪ সালের ব্যালন ডি’অর জেতা স্তইচকভের কণ্ঠেও বাজল একই সুর।

“আর্জেন্টিনার হয়ে খেলার জন্য মেসি ফিরবে।”

আগামী ব্যালন ডি’অরের জন্য গ্রিজমানকে সবার চেয়ে এগিয়ে রাখার কথাও জানান পেলের ‘সেরা ১০০ ফুটবলারের’ তালিকায় থাকা এই বুলগেরিয়ান। রোনালদোর সমালোচনাও করেন দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোল করা এই সাবেক ফরোয়ার্ড।

“গ্রিজমান এটা (ব্যালন ডি’অর) পাওয়ার যোগ্য এবং যদি ওয়েলস ইউরো জেতে, তাহলে বেল পেতে পারে। রোনালদো শুধু এটা পেতে পারে যদি চেহারার জন্য এটা দেওয়া হয়।”

চলতি ইউরোয় ৪ গোল নিয়ে গোলদাতার তালিকায় এখন পর্যন্ত সবার ওপরে গ্রিজমান। ৩ গোল ওয়েলসের ফরোয়ার্ড বেলের। রোনালদো গোলের উৎসবে মেতেছেন দুই বার।