সেরা পারফরম্যান্সের আনন্দ ফরাসিদের
কোয়ার্টার-ফাইনালে এসে নিজেদের আসল রূপটা দেখাতে পেরেছে গ্রুপ পর্ব আর শেষ ষোলোতে মন ভরানো ফুটবল উপহার দিতে ব্যর্থ হওয়া ফ্রান্স। আইসল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর দেশটির ফরোয়ার্ড দিমিত্রি পায়েত দাবি করেছেন, এবারের ইউরোতে এটাই তাদের সেরা পারফরম্যান্স।
সাঁ-দেনিতে গত রোববার ইউরো চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম খেলতে আসা আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠে স্বাগতিক ফ্রান্স।
দলের তৃতীয় গোলটি করা পায়েত ম্যাচ শেষে বলেন, “এই টুর্নামেন্টে এটাই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমরা অনেক গোল করতে পেরেছি, যেটা দারুণ ছিল। আর গুরুত্বপূর্ণ ছিল যে আমরা শুরুর দিকে গোল করেছি।”
“আক্রমণভাগে আমাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। আমরা অনেক সুযোগ পেয়েছি, যেটা আমাদের গোল করতে দিয়েছে।”
গ্রুপ পর্বে রোমানিয়া ও আলবেনিয়ার বিপক্ষে যথাক্রমে ২-১ ও ২-০ গোলে জেতে ফ্রান্স। তবে সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। আর শেষ ষোলোতে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে গ্রিজমানের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দেশমের দল।
পায়েত বলেন, “জার্মানি দুর্বল দল হবে না। তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন।”
আইসল্যান্ডের বিপক্ষে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে অবদান রাখা গ্রিজমানও পায়েতের সঙ্গে একমত।
“এটা দু:খজনক যে (আইসল্যান্ডের বিপক্ষে) আমরা দুটি গোল খেয়েছি।...নিজেদের সমর্থকদের সামনে জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে আমাদের সর্বস্ব উজাড় করে দিতে হবে। ফাইনালে যেতে আমরা সর্বস্বই দেব।”
