২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাকর্ষণীয় খেলেও জিততে চান পর্তুগালের দানিলো

ইউরোর সেমি-ফাইনালে জায়গা করে নেওয়া পর্তুগাল অনাকর্ষণীয় ফুটবল খেলছে বলে সমালোচনা হচ্ছে চারদিকে। এ নিয়ে অবশ্য মাথাব্যথা নেই দেশটির মিডফিল্ডার দানিলোর। দল জিতে চলেছে বলেই তিনি আনন্দিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 09:38 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

এবারের ইউরোতে নিজেদের সেরা ফর্ম খুঁজে পেতে লড়াই করে যাচ্ছে পর্তুগাল। দলের এই পারফরম্যান্স নিয়ে মোটেই উদ্বিগ্ন নন দানিলো।

“সুন্দর ফুটবল খেলে এই সময়ে বাড়ি থাকার চেয়ে আমি অনাকর্ষণীয় খেলে এখন যেখানে আছি সেখানে থাকতে পছন্দ করি।”

“আমাদের উচ্চাকাঙ্ক্ষী এক দল খেলোয়াড় আছে। সমালোচনা আমাদের আরও প্রেরণা জোগায়। এটা সহজ নয়, আমরা খবরে বিষয়গুলো দেখি কিন্তু সমালোচনা আমাদের অনুপ্রাণিত করে। সমালোচকরা তাদের ভুল প্রমাণ করার জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করে।”

ফ্রান্সের লিওঁতে আগামী বুধবার সেমি-ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ওয়েলস। এই ম্যাচেই পর্তুগাল তাদের সেরা ফর্মে থাকবে বলে মনে করেন দানিলো।

“আমি মনে করি, আমরা এখনও আমাদের সেরাটা খেলিনি, কিন্তু আমি মনে করি, এটা আমরা ওয়েলসের বিপক্ষে ম্যাচেই খেলতে পারি। তারা আত্মবিশ্বাসী থাকলে দারুণ-কিন্তু আমরাও আত্মবিশ্বাসী। আমরা বিশ্বাস করি, ম্যাচটি আমরা জিততে পারি এবং ফাইনালে যেতে পারি।”

ওয়েলসের বিপক্ষে জয়ের পথে পর্তুগালের বড় বাধা হতে পারেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে আটকাতে বিশেষ পরিকল্পনা করে রেখেছে ফের্নান্দো সান্তোসের দল। 

“বেলকে নিয়ে সতর্ক আমরা, আমরা তাকে জায়গা দেব না। আমরা জানি, সে ক্ষিপ্র।”

“আমি মনে করি, ওয়েলসের বিপক্ষে কঠিন একটি ম্যাচ হবে, তারা মাঝমাঠে খুব গোছালো এবং তাদের কিছু খেলোয়াড় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু নিজেদের খেলায়ও মনোযোগ দিতে হবে।”