ঢাকায় নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে খেলবে ইতালি
ঢাকায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে জার্মানির বিপক্ষে ইউরোর কোয়ার্টার-ফাইনাল ম্যাচে কালো ব্যাজ পরে খেলতে নামবে ইতালির খেলোয়াড়েরা।
ইতালি ফুটবল ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এটি জানিয়েছে।
ঢাকার গুলশানের একটি ক্যাফেতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে কমপক্ষে ২০ জন বিদেশি নাগরিককে হত্যা করে। ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেন্সি শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে কিছু ইতালির নাগরিক আছে।
পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি জানান, নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক।
শনিবার রাতে বাংলাদেশ সময় রাত একটায় ফ্রান্সের বোর্দোয় জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জানলুইজি বুফ্ফন-জর্জো কিয়েল্লিনিরা। সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ইতালি দলের খেলোয়াড়দের কালো ব্যাজ পরে খেলতে নামার অনুমতিও দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা।
