মেসিকে ফেরার অনুরোধ পেলের
দেশের হয়ে বারবার স্বপ্ন ভঙ্গের হতাশায় লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে সময়ের সেরা তারকাকে ফিরে পাওয়ার আকুতি। সাবেক-বর্তমানের অনেক খেলোয়াড়দের ভিড়ে এবার যোগ দিলেন পেলে। এই ব্রাজিলিয়ান কিংবদন্তির মতে, আর্জেন্টাইন তারকার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর জাতীয় দলকে হঠাৎই বিদায় বলে দেন মেসি। সেই থেকে ভক্ত-সমর্থকদের পাশাপাশি ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফেরার অনুরোধ জানিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো দিয়েগো মারাদোনা, ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদোসহ অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা।
ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলের মতে, অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসা উচিত মেসির।
চিলি-আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী লড়াইয়ের নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্রয়ে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে প্রথম শট নিয়ে গোল করতে ব্যর্থ হন মেসি। শেষ পর্যন্ত ম্যাচটি ৪-২ ব্যবধানে হেরে যায় ২৩ বছর ধরে বড় কোনো শিরোপা না জেতা আর্জেন্টিনা।
টাইব্রেকারে মেসির ওই লক্ষ্যভ্রষ্ট শটের প্রসঙ্গে স্কাই স্পোর্টসকে পেলে বলেন, “গত ১০ বছরে মেসিই যে সেরা খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে যা হয়েছে, ফুটবলে তা হয়। পেনাল্টি যে নেয় সে পেনাল্টি মিস করতেই পারে।”
“সে খুব ভেঙে পড়েছে। তার হয়তো আরেকটু অপেক্ষা করা উচিত এবং পরে সে এটা ভুলে যাবে কারণ অনেক ভালো খেলোয়াড়ের সঙ্গেই এমন হয়েছে। অনেক ভালো খেলোয়াড় পেনাল্টি মিস করেছে।”
“আমার কাছে, গত ১৫ বছরে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।”
