২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার সঙ্গে ইউনাইটেডের চুক্তি চূড়ান্ত

জ্লাতান ইব্রাহিমোভিচ দুদিন আগেই জানিয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড হতে যাচ্ছে তার পরবর্তী ঠিকানা। এবার ওল্ড ট্র্যাফোর্ড কর্তৃপক্ষ সুইডেনের এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করার খবর দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 05:58 PM

Updated : 11 Oct 2022, 08:27 PM

পিএসজির হয়ে চার মৌসুমে টানা চারটি লিগ ওয়ানের শিরোপা জিতে ২০১৫-১৬ মৌসুম শেষে ফরাসি ক্লাবটিকে বিদায় বলেন ইব্রাহিমোভিচ। এই চার মৌসুমে পিএসজির পক্ষে সর্বোচ্চ ১৫৬ গোল করা ৩৪ বছর বয়সী তারকা ক্লাবটিকে ১২টি শিরোপা জেতাতে বড় অবদান রাখেন। 

গত বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ইউনাইটেডে যোগ দেওয়ার কথা লেখেন ইব্রাহিমোভিচ। আর এবার ইউনাইটেড কর্তৃপক্ষ এই ‘ফ্রি এজেন্ট’ ফরোয়ার্ডকে চুক্তিভুক্ত করার কথা জানালো।

ইউনাইটেডের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইব্রাহিমোভিচ বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত এবং প্রিমিয়ার লিগে খেলার জন্য আমি মুখিয়ে আছি।”

“বলার অপেক্ষা রাখে না যে, জোসে মরিনিয়োর অধীনে ফের কাজ করতে আমার তর সইছে না।”

ইতালির ক্লাব ইন্টার মিলানে মরিনিয়োর অধীনে এক মৌসুম খেলেছিলেন তিনি। ২০০৮-০৯ মৌসুমে সেরি আ জিতেছিলেন তারা। এরপরই বার্সেলোনায় যোগ দেন ইব্রাহিমোভিচ।

‘স্পেশাল ওয়ান’ পর্তুগিজ কোচের প্রশংসায় ইব্রাহিমোভিচ বলেন, “তিনি দারুণ কোচ এবং নতুন ও রোমাঞ্চকর এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। আমি আমার ক্যারিয়ারের এ পর্যন্ত পুরোটাই উপভোগ করেছি এবং আমার দারুণ কিছু স্মৃতি আছে।”

পুরনো শিষ্যকে দলে পেয়ে মরিনিয়োও খুব খুশি। ইব্রাহিমোভিচের প্রশংসায় পর্তুগিজ কোচ বলেন, “জ্লাতানের কোনো ভূমিকার প্রয়োজন নেই। পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। ইব্রা বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এবং এমন একজন খেলোয়াড় যে সবসময় শতভাগ দেয়।”

ইউনাইটেড ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব হলেও সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে সাফল্য যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। লুই ফন খালের অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়ায় ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও দেখা যাবে না দলটিকে।

এরপরই ফন খালকে ছাঁটাই করে মরিনিয়োকে দায়িত্ব দেয় ইউনাইটেড। নতুন কোচের অধীনে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে রেড ডেভিলরা। আর সে স্বপ্ন পূরণের লক্ষ্যে নিশ্চিতভাবেই ইব্রাহিমোভিচের দিকে তাকিয়ে থাকবে সমর্থকেরা।

ফরাসি ক্লাবটিতে যে রকম সাফল্যের চূড়ায় থেকে বিদায় নিয়েছেন ইব্রাহিমোভিচ, তাতে তার কাঁধে ভর করে নতুন শুরুর স্বপ্ন দেখতেই পারে ‘রেড ডেভিলস’ সমর্থকরা।

১৯৯৯ সালে স্বদেশের ক্লাব মালমোয় অভিষেকের পর আয়াক্স, ইউভেন্তুস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান ও সবশেষ পিএসজিতে খেলেন ইব্রাহিমোভিচ।

ক্যারিয়ারে ৬৭৭ ম্যাচ খেলে ৩৯২ গোল করা এই ফরোয়ার্ড গত মৌসুমে ছিলেন এক কথায় দুর্দান্ত। ২০১৫-১৬ মৌসুমে পিএসজির হয়ে ৫১ ম্যাচে রেকর্ড ৫০ গোল করেন। এই সময়ে লিগে করা তার ৩৮ গোলও লিগ ওয়ানের ইতিহাসে পিএসজির হয়ে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। ক্লাবটিকে চার বছরে ১২টি শিরোপা জেতাতে সবচেয়ে বড় অবদান তারই।

তবে পিএসজি ছাড়ার পর দেশের হয়ে ইউরো খেলতে যাওয়া ইব্রাহিমোভিচের ফ্রান্সে সময়টা কেটেছে খুবই বাজে। ক্লাবের দুর্দান্ত পারফরম্যান্সের ছিটোফোঁটা দেখাতে পারেননি সেখানে। ফলে তার দেশ সুইডেনও ছিটকে পড়ে গ্রুপ পর্ব থেকে। একই সঙ্গে জাতীয় দল থেকে অবসরও নিয়েছেন তিনি।