রেকর্ড ট্রান্সফার ফিতে চীনের ক্লাবে ব্রাজিলের হাল্ক
ট্রান্সফার ফির এশিয়ান রেকর্ড গড়ে জেনিত থেকে ব্রাজিলের ফরোয়ার্ড হাল্ককে দলে নিয়েছে চীনের ক্লাব সাংহাই এসআইপিজি।
হাল্ককে পেতে ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসনের দল সাংহাই ৫ কোটি ৫৮ লাখ ইউরো খরচ করেছে।
এর আগে শাখতার দোনেৎস্কের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেক্স তেইসেইরাকে পেতে প্রায় ৪ কোটি ৬০ লাখ ইউরো খরচ করে এশিয়ান ট্রান্সফার ফির রেকর্ড গড়েছিল জিয়াংসু সুনিং।
গত বুধবার সাংহাইয়ের বিমানবন্দরে নামার পর এক হাজারের বেশি ভক্ত হাল্ককে স্বাগত জানায়। মেডিক্যাল পরীক্ষার পর বৃহস্পতিবার চীনের সুপার লিগের দলটির সঙ্গে চুক্তিতে সই করেন তিনি।
এক বিবৃতিতে রাশিয়ার ক্লাব জেনিত তাদের দলের জন্য রাখা অবদানের জন্য হাল্ককে ধন্যবাদ জানায়। একই সঙ্গে এই ফরোয়ার্ডের জন্য শুভকামনাও জানিয়ে রাখে তারা।
কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া ব্রাজিল দলে থাকলেও একটি ম্যাচ খেলেন গত মৌসুমে জেনিতের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করা হাল্ক।
গত ফেব্রুয়ারির দলবদলের বাজারে চীনের সুপার লিগের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে ১৯ কোটি ৯৫ লাখ পাউন্ডেরও বেশি খরচ করে।
গত মার্চে চীনের ফুটবল অ্যাসোসিয়েশন ২০৫০ সালের মধ্যে তাদের দেশকে ফুটবল পরাশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করে।
ফিফা র্যাংকিংয়ে বর্তমানে তাদের অবস্থান ৮১তম স্থানে। নিজেদের ফুটবল ইতিহাসে ২০০২ সালেই কেবল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল তারা।
