২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে শিরোপা দৌড় থেকে ছিটকে দিল মেরিনার

প্রিমিয়ার ডিভিশন হকিতে রাউন্ড রবিন লিগের দাপট সুপার সিক্সে ধরে রাখতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা দুই হারে শিরোপা দৌড় থেকে এক অর্থে ছিটকে গেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2016, 09:46 PM

Updated : 12 Apr 2022, 02:20 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার মেরিনার ইয়াংসের কাছে ৪-২ গোলে হারে মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে একই ব্যবধানে হেরে সুপার সিক্স শুরু করে তারা।
 
নবম মিনিটে ইশতিয়াক আহমেদের গোলে এগিয়ে যায় মেরিনার ইয়াংস। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ইশতিয়াকের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় মেরিনার।
 
৫০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাহিদ হোসেনকে আশরাফুল ইসলাম পরাস্ত করলে জয়ের পথে আরও এগিয়ে যায় মেরিনার। নয় মিনিট পর ওয়াকাস শরীফ স্কোরলাইন ৪-০ করে দেন।
 
চার গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় মোহামেডান। শেষ দিকে তাসভার আব্বাস ও মোহাম্মদ ইমরানের গোল কেবল দলটির হারের ব্যবধান কমায়।
 
দারুণ এই জয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল মেরিনার ইয়াংস। ১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট তাদের। মেরিনারের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা ক্রীড়া চক্র।
 
১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। ১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট মোহামেডানের।