বিদায়বেলায় ‘গর্বিত’ ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হলো হার দিয়ে। তবে বিদায়টা মধুর না হলেও দেশের হয়ে ক্যারিয়ারে নিজের অর্জন নিয়ে গর্বিত তারকা এই ফরোয়ার্ড।
ফ্রান্সের নিসে গত বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হারে সুইডেন। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে গ্রুপ পর্ব শেষ করে তারা।
বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামার আগেই ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ ঘোষণা দিয়েছিলেন, ইউরো শেষেই অবসরে যাচ্ছেন তিনি।
দেশের হয়ে ১১৬টি ম্যাচ খেলে ৬২ গোল করেন ইব্রাহিমোভিচ। তবে এবারের ইউরোতে গোলের দেখা পাননি গত মৌসুমে পিএসজির হয়ে ৩৮ গোল করে ফরাসি লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই ফরোয়ার্ড।
পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ইব্রাহিমোভিচকে নিয়ে গুঞ্জন চলছে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন আয়াক্স, বার্সেলোনা, ইউভেন্তুস ও ইন্টার মিলানের সাবেক এই ফরোয়ার্ড।
“আমি আমার অর্জনের জন্য গর্বিত এবং সুইডেনের ক্যারিয়ার নিয়ে অনেক সুন্দর স্মৃতি থাকবে আমার।”
সুইডেনের কোচ এরিক হামরেন প্রশংসায় ভাসান ইব্রাহিমোভিচকে।
“সুইডেনের মতো ছোটো একটি দেশে আপনি তার মতো আরেকজন খেলোয়াড় খুঁজে পাবেন না। সে সত্যিই অনন্য।”
ফারো আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৯ বছর বয়সে সুইডেন জাতীয় দলে অভিষেক হয় ইব্রাহিমোভিচের। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে আজারবাইজানের বিপক্ষে দেশের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল পান তিনি।
২০০৪ সালের ইউরোর গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে ব্যাক-হিলে অসাধারণ এক গোল করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তার দল। সেই ম্যাচে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন তিনি।
২০০৬ বিশ্বকাপে সুইডেনের আক্রমণভাগের মূল ভরসা হিসেবে খেললেও কোনো গোল করতে ব্যর্থ হন ইব্রাহিমোভিচ।
২০১০ বিশ্বকাপের মুলপর্বে খেলা হয়নি তার দেশের। ২০১২ সালের ইউরোতে সুইডেনের নেতৃত্ব পান ইব্রাহিমোভিচ। ফ্রান্সের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে ভলি থেকে অসাধারণ এক গোল করেন তিনি, যেটা ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। তবে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে তার দল।
বাছাইপর্বে ইব্রাহিমোভিচ আটটি গোল করলেও ২০১৪ সালের বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা করে নিতে পারেনি সুইডেন। আর এবারের ইউরোর বাছাইপর্বে ১১ গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। তবে বিদায় বেলাটা তার খুব একটা সুখকর হলো না।
