১৫ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আরামবাগ
প্রতীক্ষার প্রহর ফুরালো আরামবাগ ক্রীড়া চক্রের। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়ে ১৫ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠল দলটি। সামনে এখন প্রথমবারের মতো শিরোপা জেতার হাতছানি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে পড়া আরামবাগ দ্বিতীয়ার্ধে কেস্টার আকনের দুটি ও জাফর ইকবালের এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
১৯৯৭ সালে প্রথম এবং ২০০১ সালে দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আরামবাগ। তবে শিরোপা জেতা হয়নি।
প্রথমার্ধের খেলায় বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোল পায়নি আরামবাগ। দ্বিতীয় মিনিটে দলটির আব্দুল্লাহ হামিদ ভাসানীর ক্রসে আকনের হেড রুখে দেন আরিফুজ্জামান হিমেল।
দ্বিতীয়ার্ধে বিজেএমসির কিংসলের মাটি কামড়ানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যাওয়ার পর চেনা চেহারায় ফেরে আরামবাগ। ৫৬তম মিনিটে ভাসানীর বাড়ানো বল ডি-বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার তারা খানকে বোকা বানালেও শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শট নেন আকন।
৬৪তম মিনিটে আকনের গোলেই সমতায় ফেরে আরামবাগ। বক্সের মধ্যে অং থোয়াই মারমাকে শঙ্কর দাস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নাইজেরিয়ার ফরোয়ার্ড এবারের সুযোগটি নষ্ট করেননি।
ছয় মিনিট পর এগিয়ে যায় আরামবাগ। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত আক্রমণে ওঠা আকনকে আটকাতে এগিয়ে এলেও শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক হিমেল। প্লেসিং শটে স্কোরলাইন ২-১ করার আনন্দে মাতেন আরামবাগের এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ের লক্ষ্যভেদে আরামবাগের ফাইনালে ওঠা নিশ্চিত করে দেন জাফর ইকবাল। ডান দিক থেকে দ্রুত বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে হিমেলকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
আগামী সোমবার ফাইনালে আরামবাগের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যে জয়ী দল। দ্বিতীয় সেমি-ফাইনালে আগামী শুক্রবার মুখোমুখি হবে তারা।
