২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলিতেই থাকছেন হিগুয়াইন

গত মৌসুমে সেরি আয় রেকর্ড সংখ্যক গোল করা গনসালো হিগুয়াইনকে ইউরোপের বিভিন ক্লাব পেতে চায় বলে গুঞ্জন আছে। তবে নাপোলির সভাপতির বিশ্বাস, আগামী পাঁচ বছর এখানেই থেকে যাচ্ছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে সেরি আয় ৩৬ গোল করে ইতালির শীর্ষ এই লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন। দুর্দান্ত ওই পারফরম্যান্সের পরই পিএসজি, চেলসি ও আতলেতিকো মাদ্রিদ তাকে কিনতে আগ্রহী বলে গণমাধ্যমে খবর বের হয়।

তবে নাপোলির সভাপতি আওরেলিও দে লরেনতিস ইতালির একটি রেডিওকে বলেন, “হিগুয়াইন কমপক্ষে আগামী পাঁচ বছর নাপোলিতে খেলবে। আমি তার চুক্তি বাড়াতে আগ্রহী। এক জন খেলোয়াড় ও এক জন মানুষ হিসেবে তাকে আমি পছন্দ করি।”

“আমি চাইব, সারাজীবন সে নাপোলিতে থেকে যাক।”

দেশের হয়ে কোপা আমেরিকার শতর্বষী আসরে খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন হিগুয়াইন। লাতিন আমেরিকার মহাদেশ সেরার আসরে শিরোপা জয়ের লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছে তার দেশ আর্জেন্টিনা। এই প্রতিযোগিতায় দলকে শেষ চারে তুলতে দারুণ অবদান রেখেছেন ২৮ বছর বয়সী হিগুয়াইন।