২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিয়েস্তা-বুসকেতসের ভুল পাসের আশায় রাকিতিচ!

মাঝ মাঠে আন্দ্রেস ইনিয়েস্তা আর সের্হিও বুসকেতসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বার্সেলোনার অনেক আক্রমণের সূচনা করেছেন ইভান রাকিতিচ। ইউরোতে স্পেনের মুখোমুখি হওয়ার আগে ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডারের আশা, ভুল করে প্রতিপক্ষের এই দুই ক্লাব সতীর্থ তাকে পাস দিয়ে ফেলবেন!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 06:18 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

ফ্রান্সের বোর্দোতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে স্পেন ও ক্রোয়েশিয়া।

রাকিতিচ বলেন, “আশা করি, তারা আমাকে গোলে সহায়তা করতে পাস দেবে। হয়ত তারা ধন্ধেতে পড়ে যাবে।”

“তাদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় দল। তাদের সম্পর্কে আমি সবই জানি।”

টানা দুই জয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলা স্পেন এই ম্যাচে অবশ্য ওই দুই ম্যাচেরই সেরা খেলোয়াড় ইনিয়েস্তাকে বিশ্রামও দিতে পারে।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার সামনে সুযোগ আছে স্পেনকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোতে ওঠার।