২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে প্রথম হারের স্বাদ দিয়ে শীর্ষেই ঊষা

আবাহনী লিমিটেডকে প্রথম হারের স্বাদ দিয়ে শীর্ষে থেকেই প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সে উঠেছে ঊষা ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 07:59 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ঊষার জয়টি ৩-২ গোলের। শনিবারের অপর ম্যাচে বাংলাদেশ রেলওয়েকে ২২-১ গোলে উড়িয়ে দিয়েছে মেরিনার ইয়াংস।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় ঊষা। পেনাল্টি কর্নারে কৃষ্ণ কুমারের পুশ, সারোয়ারের স্টপের পর লক্ষ্যভেদ করেন আলিম বেলাল। পাঁচ মিনিট পর কৃষ্ণর পুশে পুস্কর ক্ষীসা মিমোর রিভার্স হিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ঊষা।

২৮তম মিনিটে শাকিল আব্বাসি পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে ব্যবধান কমায় আবাহনী। ৪৬তম মিনিটে কৃষ্ণর তৈরী করে দেওয়া সুযোগ কোনাকুটি শটে কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-১ করেন মিমো। ৫১তম মিনিটে কাসিফ আলি লক্ষ্যভেদ করলেও আবাহনী পরে আর সমতায় ফেরা গোল পায়নি।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার সিক্স মিশন শুরু করবে ঊষা; একমাত্র দল হিসেবে অজেয় থেকে রাউন্ড রবিন লিগও শেষ করল দলটি। আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ আবাহনী। আবাহনীর সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তৃতীয়।

অপর ম্যাচে রেলওয়েকে গোলবন্যায় ভাসিয়ে নবম জয় পেয়েছে মেরিনার ইয়াংস। নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সুপার সিক্স মিশন শুরু করবে দলটি। অন্য দিকে ১১ ম্যাচের সবগুলো হেরে প্রথম বিভাগে নেমে গেল রেলওয়ে।

মেরিনার ইয়াংসের জয়ে ওয়াকার শরিফ ও আরশাদ হোসেন পাঁচটি করে গোল করেন। মইনুল ইসলাম কৌশিক চারটি, মামুনুর রহমান চয়ন, মহসিন, রিমন সরকার দুটি করে এবং তৌফিক ও রাব্বি একটি করে গোল দেন। রেলওয়ের একমাত্র গোলটি টিটোর করা।