২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে নিয়ে জরিমানা দিতে রাজি বার্সা

নেইমারকে সান্তোস থেকে কেনার সময় বার্সেলোনা কর ফাঁকি দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা মিটিয়ে ফেলার জন্য জরিমানা দিতে রাজি হয়েছে কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 11:16 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে নেইমারকে কেনার সময় কর হিসেব করতে ভুল হয়েছিল উল্লেখ করে ৫৫ লাখ ইউরো জরিমানা দিতে চায় লা লিগার শিরোপাধারীরা।

কিছু দিন আগে নেইমারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ তোলে স্পেনের সরকারি আইনজীবীরা। স্পেনের সর্বোচ্চ ফৌজদারি আদালতের আইনজীবীদের অভিযোগ, সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি লুকিয়েছিলেন খেলোয়াড় নিজে ও তার বাবা।

শুরুতে বার্সেলোনা জানিয়েছিল, সান্তোস থেকে নেইমারকে কিনতে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো দিয়েছিল তারা। তার মধ্যে চার কোটি ইউরো পেয়েছিল খেলোয়াড়টির পিতা-মাতা আর সান্তোস পায় এক কোটি ৭০ লাখ ইউরো।

কিন্তু তদন্তকারীরা জানায়, নেইমারের মোট ট্রান্সফার ফি ছিল আট কোটি ৩০ লাখ ইউরোর কাছাকাছি, বার্সেলোনা চুক্তির কিছু অংশ লুকিয়েছিল।

এ ব্যাপারে বার্সা অবশ্য শুরু থেকে নিজেদের নির্দোষ দাবি করে আসছে। নেইমার চুক্তিবদ্ধ হওয়ার সময় খরচের বিস্তারিত না জানানোর কারণ হিসেবে চুক্তির ‘গোপনীয়তার’ শর্তের কথাও জানায় ক্লাবটির কর্তৃপক্ষ।

ব্রাজিলের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নেইমারের ক্রীড়া স্বত্বের ৪০ শতাংশের মালিক। আর তাই ব্রাজিল অধিনায়কের বার্সেলোনার যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি গোপন করায় তাদেরকে ঠকানো হয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি।

ক্লাবের ভবিষ্যত অর্থনৈতিক পরিকল্পনায় কোনোরকম অনিশ্চয়তা এড়ানোর লক্ষ্যে বর্তমান সমস্যার ইতি টানতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা বিষয়টি মিটিয়ে ফেলতে চাচ্ছে।

এ প্রসঙ্গে সোমবার বার্সেলোনা এক বিৃবতিতে জানায়, নেইমারকে কেনার সময় তারা ইচ্ছা করে কর ফাঁকি দেয়নি। ২০১১ ও ২০১৩ অর্থ বছরের ‘কর পরিকল্পনায় ভুলের কারণে’ এমনটা হয়েছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।

বার্সেলোনা আরও জানায়, সমস্যার সমাধানে এই চুক্তি ইতিবাচক একটা পদক্ষেপ হিসেবে দেখছে বোর্ড। এর মাধ্যমে আইনি জটিলতার সব অনিশ্চয়তাও শেষ হবে বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ।