শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে দুর্দান্ত শুরু ইতালির
র্যাংকিংয়ের হিসেবে টুর্নামেন্টের সেরা দল বেলজিয়ামকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে ‘ফেভারিট’ ইতালি। বরাবরের মতো রক্ষণ সামলে রেখে পাল্টা আক্রমণে সফলতার পরিচয় দিয়ে ২-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লিওঁতে সোমবার রাতে প্রথমার্ধে এমানুয়েলে জাক্কেরিনির গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ মুহূর্তে ইতালির জয় নিশ্চিত করেন গ্রাৎসিয়ানো পেল্লে।
প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে রইল গতবারের রানার্সআপরা।
ম্যাচের একাদশ মিনিটে অনেকটা দূর থেকে রাডিয়া নাইনগোলানের আচমকা জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকান জানলুইজি বুফ্ফন।
২৮তম মিনিটে বেলজিয়ামের ডি বক্সে জাক্কেরিনিকে বাধা দেওয়া হলে পেনাল্টির আবেদন করে ইতালি। তবে রেফারি তাতে সাড়া দেননি।
৫৩তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। দারুণ এক প্রতি-আক্রমণে বল পায়ে বিনা বাধায় ডি বক্সে ঢুকে পড়েছিলেন রোমেলু লুকাকু; কিন্তু তার বাঁকানো শটটি বুফ্ফনকে পরাস্ত করলেও ডান পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
চার মিনিট পর পেল্লের হেড দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি থিবো করতোয়া।
৮৪তম মিনিটে আরেকটি দুর্দান্ত সেভ; বদলি নামা ফরোয়ার্ড চিরো ইম্মোবিলের বিদ্যুৎগতির উঁচু শট কর্নারের বিনিময়ে ঠেকান চেলসির হয়ে খেলা এই গোলরক্ষক।
যোগ করা সময়ে দারুণ এক গোলে সব অনিশ্চয়তার ইতি টানেন পেল্লে। আন্তোনিও কান্দ্রেভার ক্রসে ১০ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান সাউথ্যাম্পটনের এই ফরোয়ার্ড।
এই গ্রুপের অন্য দুই দল রিপাবলিক অব আয়ারল্যান্ড ও সুইডেনের মধ্যে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
