হকিতে জয়রথে আবাহনী
প্রিমিয়ার ডিভিশন হকিতে জয়রথে আছে আবাহনী লিমিটেড। সাধারণ বীমাকে ৮-২ ব্যবধানে গুঁড়িয়ে আপাতত শীর্ষে উঠেছে ঐতিহ্যবাহী দলটি। সোমবার অন্য ম্যাচে অ্যাজাক্স এসসি ও আজাস এসসির ১০ গোলের ম্যাচটি ড্র হয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনীর জয়ে পাকিস্তানের খেলোয়াড় শাফকাত রসুল চার গোল করেন। মাকসুদ আলম হাবুল দুটি, মোহাম্মদ ইরফান ও শাকিল আব্বাসি একটি করে গোল দেন।
লিগে ১০ ম্যাচে এটি আবাহনীর অষ্টম জয়। আট জয় ও দুই ড্রয়ে মাহবুব হারুনের দলের পয়েন্ট ২৬। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ঊষার পয়েন্ট ২৫। অন্য দিকে ১০ ম্যাচে এটি সাধারণ বীমার অষ্টম হার।
দিনের অপর ম্যাচে আজাদ-অ্যাজাক্সের লড়াই বেশ জমেছিল। পরিমল মাদ্রির জোড়া গোল আজাদকে চালকের আসনে বসায়। আব্দুর রহমান ও রাহাত সারোয়ারের হাত ধরে সমতায় ফেরে অ্যাজাক্স। এরপর পরিমল ফের আজাদকে এগিয়ে নেওয়ার পর অধিনায়ক ইমতিয়াজ আহমেদের গোলে স্কোরলাইন ৩-৩ করে নেয় অ্যাজাক্স।
৪১ ও ৪৬তম মিনিটে রাহাত আরও দুই গোল করলে অ্যাজাক্সের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়। কিন্তু দেবাশীষ কুমার রায়ের জোড়া গোলে সমতায় ফেরে আজাদ। ১০ ম্যাচে অ্যাজাক্সের পয়েন্ট ৮, আজাদের ৫।
