২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাজিলের বিপক্ষে জয় প্রাপ্য ছিল পেরুর’

ব্রাজিলের বিপক্ষে নিজের দলের বিতর্কিত গোলটি দেখেননি বলে জানিয়েছেন পেরুর কোচ রিকার্দো গারেসা। তবে সব কিছুর পরও জয়টি পেরুর প্রাপ্যই ছিল বলে মনে করেন আর্জেন্টাইন এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 03:10 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করলেই কোয়ার্টার-ফাইনালে উঠত ব্রাজিল। কিন্তু ফক্সবরোয় বাংলাদেশ সময় সোমবার সকালে রাউল রুইদিয়াসের বিতর্কিত এক গোলে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে ব্রাজিল। এই গ্রুপ থেকে শেষ আটে উঠেছে পেরু ও একুয়েডর।

রুইদিয়াসের বিতর্কিত গোলটি আসে ম্যাচের ৭৫তম মিনিটে। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে ডান দিক থেকে আন্দি পলোর ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন বদলি হিসেবে নামা এই স্ট্রাইকার। 

ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না এই টুর্নামেন্টে। অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করেও হ্যান্ডবলটি ধরতে পারেননি উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনাহ। রেফারির এই সিদ্ধান্তে ব্রাজিলের খেলোয়াড়রা ক্ষোভে ফেটে পড়ে।

ম্যাচ শেষে পেরু কোচ জানান, তিনি গোলটি দেখতে পারেননি। তাই তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না।

“আমরা প্রাপ্য জয় পেয়েছি। গোলটি যেভাবেই হোক কেউ আমাদের কিছু দিয়ে দেয়নি।”

ব্রাজিলের বিপক্ষে পেরু যেভাবে খেলতে চেয়েছিল, ঠিক সেভাবেই খেলতে পেরেছে বলেও জানান আর্জেন্টাইন কোচ গারেসা।

ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে শেষ আটে পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ কলম্বিয়ার।