গুরুতর নয় দি মারিয়ার চোট
পানামার বিপক্ষে ম্যাচে চোটে পড়া আনহেল দি মারিয়ার কোপা আমেরিকা শতবর্ষী আসরে এখনও খেলার সম্ভাবনা আছে বলেই বিশ্বাস আর্জেন্টিনা দলের। শুরুতে তার চোট যতটা গুরুতর ভাবা হয়েছিল তা আসলে ততটা নয় বলে জানিয়েছেন দলের চিকিৎসক।
শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় গত শনিবার সকালে হওয়া ম্যাচে বিরতির দুই মিনিট আগে ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন দি মারিয়া। লিওনেল মেসির হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।
অনেকেই ধারণা করেছিল, লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতায় আর খেলা হবে না পিএসজির এই মিডফিল্ডারের। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে সমর্থকদের মাঝে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরে পাওয়ার আশা জেগেছে।
“পানামার বিপক্ষে আনহেল দি মারিয়া ডান ঊরুর মধ্যে ব্যথা অনুভব করে। পরীক্ষায় দেখা গেছে, অ্যাডাক্টর মাংসপেশি সামান্য ছিড়ে গেছে।”
২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পেশিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন দি মারিয়া, ফাইনালে জার্মানির কাছে হারে আর্জেন্টিনা। আর গত বছর চিলিতে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচের শুরুতেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বাইরে চলে যান কার্যকরী এই উইঙ্গার। ওখানেও লক্ষ্যের খুব কাছ থেকে খালি হাতে ফিরতে হয় দলটিকে।
প্রথম দুটি ম্যাচ জিতে এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সাড়ে আটটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা।
