২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্ক আর্জেন্টিনার সামনে নির্ভীক পানামা

বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে দারুণ শুরুর পর আত্মবিশ্বাস আরও বেড়েছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার। এর সঙ্গে যোগ হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে ফিরে পাওয়ার শক্তি। টুর্নামেন্টের পরের প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তির, তবে নির্ভীক পানামাকে নিয়ে বেশ সতর্ক জেরার্দো মার্তিনোর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 03:25 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

আর্জেন্টিনার ‘প্রতিদ্বন্দ্বী’ মেক্সিকো-কলম্বিয়া
মেসির ব্যক্তিত্ব নেই: মারাদোনা
পানামার বিপক্ষে ফিরছেন মেসি

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৭টায়। 

কোপা আমেরিকার প্রথম ম্যাচে দলের সেরা তারকা মেসিকে ছাড়াই খেলতে হয় আর্জেন্টিনাকে। তবে এর পরও শক্তিশালী চিলিকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুরুটা বেশ ভালো হয় তাদের।
 
ফিফা র‌্যাংকিংয়ে ৫৬ নম্বরে থাকা পানামার শুরুটাও দারুণ হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারায় তারা। প্রথম ম্যাচ শেষে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে গ্রুপের শীর্ষে আছে পানামা। 
 
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনা ফিরে পাচ্ছে মেসিকে। গত মাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পিঠে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
 
গত বুধবার শিকাগোতে দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন মেসি। আর্জেন্টিনা কোচ পানামা ম্যাচের আগের দিন তার ফেরার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে এবং আগামীকাল খেলবে। তাকে দলে না রাখার কোনো কারণ দেখি না আমি।”
 
ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা দলের তারকা ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন অবশ্য সব কিছুর পরও সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দেন। 
 

“এটা (চিলির বিপক্ষে) ভালো ফল ছিল, কিন্তু আমাদের কোনো প্রতিপক্ষকেই উপেক্ষা করা উচিৎ নয়। এটা খুব কঠিন এক কোপা এবং সব ম্যাচই খুব কঠিন হবে।” পানামা-আর্জেন্টিনা এ পর্যন্ত একটি ম্যাচই খেলেছে। ২০০৯ সালের মে মাসে খেলা সেই ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।  তারকাদ্যুতি, অর্জন, খেলোয়াড়দের পারফরম্যান্স আর মুখোমুখি লড়াই-সবদিক থেকে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে পানামা। এর পরও এ ম্যাচ নিয়ে কোনো ভয় পাচ্ছেন না পানামার কোচ হের্নান গোমেস। “আর্জেন্টিনার মুখোমুখি হতে ভয় পাই না আমরা। তারা বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্সআপ, কিন্তু এটা আমাদের ভীত করে না।”