আর্জেন্টিনার ‘প্রতিদ্বন্দ্বী’ মেক্সিকো-কলম্বিয়া
ব্রাজিল অথবা উরুগুয়ে নয়, কোপা আমেরিকার শতবর্ষী আসরে শিরোপা জয়ে মেক্সিকো আর কলম্বিয়াকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। আর মেক্সিকো তাদের অভিযান শুরু করে কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫ বার শিরোপা জেতা উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে।
নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারানো আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দি বলেন, “কোপা কেবল শুরু হয়েছে, কিন্তু কলম্বিয়া বিষয়গুলো ভালো করছে। এরই মধ্যে দুটি জয় পেয়েছে তারা।”
“মেক্সিকোও ভালো জয় পেয়েছে; কিন্তু আপনি কাউকে বাদ দিতে পারেন না এবং আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে আর আরেকটি ফাইনালে ওঠার দিকে মনোযোগ দিতে হবে।”
১৯৯৩ সালে একুয়েডরে হওয়া কোপা আমেরিকা জয়ের পর থেকে আর কোনো শিরোপা জেতেনি আর্জেন্টিনা। এবার ২৩ বছরের এই শিরোপা-খরা কাটবে বলে আশাবাদী ওতামেন্দি।
“আমাদের সচেতন থাকতে হবে এবং অবশ্যই একেকটি করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। কিন্তু অনেক লোক যেমন সব সময়ই বলে, আমরা আর্জেন্টিনার জন্য শিরোপা জিতব; এবার এটা হবে বলে আশা করছি।”
চোটের কারণে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। দলের সেরা তারকাকে শিগগিরই ফিরে পাওয়ার আশার কথা বলেন ম্যানচেস্টার সিটির ওতামেন্দি।
“তাকে ছাড়াই আমরা দারুণ এক দলের বিপক্ষে ৩ পয়েন্ট পেয়েছি। কিন্তু আশা করছি, শুক্রবার তাকে ফিরে পাব আমরা। লিও এমন একজন খেলোয়াড়, যে সব সময় মাঠে থাকতে চায়।”
শিকাগোতে পানামার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে সাতটায়।
