সেই ৭-১ ফলের তুলনায় আপত্তি আলভেসের
জার্মানির কাছে ৭-১ গোলে হেরে গত বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া ম্যাচের সঙ্গে হাইতির বিপক্ষে একই ব্যবধানে জেতার তুলনা হয় না বলে মনে করেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেস।
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে হওয়া ম্যাচে কৌতিনিয়োর হ্যাটট্রিক আর রেনাতো আগুস্তোর জোড়া গোল মিলিয়ে হাইতিকে ৭-১ ব্যবধানে হারায় ব্রাজিল।
এই জয়ের পর কেউ কেউ তুলে আনেন ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের হতাশার প্রসঙ্গ।
নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করা আলভেস বলেন, “সেই ৭-১ ফলের সঙ্গে কোনো তুলনা হয় না। জীবনে আপনাকে সব সময় ভাবতে হবে আপনি যদি অতীত থেকে উন্নতি করতে না পারেন তাহলে বর্তমানকে উন্নত করতে হবে।”
জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক ছিল বলে মনে করেন আলভেস।
“আমি মনে করি না, এমনকি জার্মানরাও এই ফল বিশ্বাস করেছিল। দুর্ভাগ্যবশত, এটাই ফুটবল এবং আপনি প্রতিপক্ষকে মোকাবেলার জন্য তৈরি না থাকলে অনেক মূল্য চুকাতে হবে। বিষয়গুলো ইতিবাচক রাখতে হবে আমাদের এবং ভালো বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, বাজেটা নয়।”
কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিলের পরের ম্যাচ পেরুর বিপক্ষে ফক্সবরোতে; বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল সাড়ে ছয়টায়।
