মেসিকে আরও মরিয়া করেছে ফাইনালের হার
অন্য যে কোনো সময়ের চেয়ে এবার কোপা আমেরিকার শিরোপা জয়ের জন্য বেশি মরিয়া লিওনেল মেসি। টুর্নামেন্টটির শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরটি জিতে গত বছরের ফাইনালে চিলির কাছে হারের হতাশা ভুলতে চান আর্জেন্টিনার অধিনায়ক।
১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আর কোনো বড় শিরোপা জেতেনি আর্জেন্টিনা। পাঁচবারের বর্ষসেরা মেসির কাঁধে এবার দেশটির ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর ভার।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা এবার কোপা আমেরিকার শিরোপা জয়ে ফেভারিটও।
গত ২৮ মে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচের ৬৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লেগেছিল তার।
এর পর চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসির খেলা নিয়ে শঙ্কা জাগে। যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে।
আর্জেন্টিনার হয়ে ১০৮টি ম্যাচ খেলে ৫০ গোল করা মেসি অবশ্য তার ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে বলেন, “আমি ভালো অনুভব করছি।”
