প্রতিশোধের বিষয়টি উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ
কোপা আমেরিকার শতবর্ষী আসরে চিলির বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য প্রতিশোধের উপলক্ষ বলেও মনে করছেন অনেকে। তবে আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, তার দল ম্যাচটিকে এভাবে দেখছে না।
গত বছর কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে টাইব্রেকারে হেরেছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা অভিযান।
আর্জেন্টিনার কোচ মার্তিনো বলেন, “বাছাইপর্বে খেলার সময়ও আমাদের জিজ্ঞেস করা হয়েছিল এটা (সেই ম্যাচের) পুনর্মঞ্চায়ন কিনা। কোপা আমেরিকার ফাইনাল এক বছর আগে হয়েছিল। চিলি টাইব্রেকারে জিতেছিল।”
“এমনকি একটি ফাইনালও আমাদের প্রতিশোধের সুযোগ দেবে না। এটা শুধু আমাদের নতুন সুযোগই এনে দেবে।”
