জেলা ফুটবল সালাউদ্দিনের হাতে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় ২০টি কমিটি গঠন করা হয়েছে। জেলা ফুটবলের দায়িত্ব এবার নিজের হাতে রেখেছেন সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন।
বাফুফে ভবনে রোববার কার্যনির্বাহী কমিটির সভায় গতবারের মতো এবারও পেশাদার লিগ কমিটির সভাপতি পদে সালাম মুর্শেদী ও ন্যাশনাল টিমস কমিটির সভাপতি পদে কাজী নাবিল আহমেদকে রাখার সিদ্ধান্ত হয়।
ফাইন্যান্স ও বাজেট কমিটিতে সালাম মুর্শেদীকে সভাপতি ও নাবিল আহমেদকে সহ-সভাপতি করা হয়েছে।
গতবার জেলা ফুটবল লিগ কমিটির দায়িত্বে ছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। এবার জেলার ফুটবলের উন্নয়নের ভার নিজের কাঁধে নিয়েছেন সালাউদ্দিন। এছাড়াও বাফুফে সভাপতির হাতে থাকছে ইমার্জেন্সি কমিটি, মিডিয়া কমিটি।
বন্টন হওয়া ২০ কমিটির মধ্যে ইমার্জেন্সি কমিটিতে সভাপতি সালাউদ্দিনের সহকারী সালাম মুর্শেদী। পেশাদার লিগ কমিটিতে সালাম মুর্শেদীর সঙ্গে রাখা হয়েছে শওকত আলী খান জাহাঙ্গীরকে। ন্যাশনাল টিমস কমিটিতে সহ-সভাপতি তাবিথ আউয়াল।
ইকবাল হোসেন রেফারিজ কমিটির, হারুনুর রশীদ ইন্টারনাল অডিট কমিটির, আব্দুল মুয়ীদ চৌধুরী আপিল কমিটির, মেজবাহ উদ্দিন ডিসিপ্লিনারি কমিটির, তাবিথ আউয়াল টেকনিক্যাল কমিটির, আখতার হোসেন প্লেয়ার স্ট্যাটাস কমিটির এবং সত্যজিৎ দাস রুপু ফুটসাল কমিটির দায়িত্ব পেয়েছেন।
চার অ্যাডহক কমিটির মধ্যে জেলা ফুটবল লিগ কমিটি নিজের হাতে রেখেছেন কাজী সালাউদ্দিন। এছাড়া সামশুল হক চৌধুরী ডিএফএ মনিটরিং কমিটি, ফজলুর রহমান বাবুল গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটি ও শওকত আলী খান জাহাঙ্গীর পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির দায়িত্ব পেয়েছেন।
