২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে মারামারি করে মোহামেডানের চন্দন নিষিদ্ধ

বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের দুই খেলোয়াড়কে মারধর করার অপরাধে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে মোহামেডানের ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দনকে। গত শনিবার এই কাণ্ডে আরও তিন খেলোয়াড়কে সতর্ক করে দিয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 09:24 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

বাংলাদেশ হকি ফেডারেশন রোববার লিগ কমিটি বাংলাদেশ স্পোর্টিং ও মোহামেডানের ম্যাচের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বসে। ওই ম্যাচে প্রতিপক্ষ দলের দুই ভাই সিরাজ ও শাহবাজ আলিকে মারধোর করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন চন্দন। চলতি লিগে একাধিকবার প্রতিপক্ষের খেলোয়াড়দের দিকে তেড়ে যেতেও দেখা গেছে মোহামেডানের এই ডিফেন্ডারকে।

সভা শেষে লিগ কমিটির সম্পাদক কাজী মঈনুজ্জামান বলেন, “প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে হাত তোলায় আসাদুজ্জামান চন্দনকে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। উচ্চবাচ্য করায় মোহামেডানের ৩ খেলোয়াড় রাসেল খান বাপ্পি, জাহিদ হুসাইন ও রাসেল মাহমুদ জিমিকে সতর্ক করা হয়েছে।”

কমিটির সভায় ওয়ারী ক্লাব কর্মকর্তা নজরুল ইসলাম নাজুকে টেকনিক্যাল এলাকায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওয়ারী ক্লাব ও সাধারণ বীমার মধ্যে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় নাজুকে এ শাস্তি দেওয়া হয়।

খেলা চলাকালে মাঠে সমর্থকরা ঢুকে যাওয়ার দৃশ্য চলতি লিগে একাধিকবার দেখা গেছে। এমনকি কাউকে কাউকে ধূমপান করতেও দেখা গেছে! ১৮ খেলোয়াড় ও চার কর্মকর্তার বাইরে কেউ যাতে টেকনিক্যাল এলাকায় থাকতে না পারে, সে ব্যাপারেও কঠোর হচ্ছে লিগ কমিটি।