২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে রুখে দিল একুয়েডর

নেইমারবিহীন অনভিজ্ঞ আক্রমণভাগ নিয়ে একুয়েডর বাধা পার হতে পারল না ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আমেরিকার প্রতিবেশীদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দুঙ্গার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 10:16 AM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিল কোচ
‘প্রতিপক্ষ ব্রাজিল বলেই গোল বাতিল!’
ব্যর্থতা মেনে নিলেন ব্রাজিলের গাব্রিয়েল
একুয়েডরের বাতিল গোল নিয়ে অনিশ্চিত দুঙ্গা

ক্যালিফোর্নিয়ার প্যাস্যাডিনার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম সুযোগটা তৈরি করে একুয়েডর। তবে মিলার বোলানোসের শট ডান পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
 
পরের মিনিটেই চেলসির মিডফিল্ডার উইলিয়ানের ক্রস থেকে কৌতিনিয়োর শট কর্নারের বিনিময়ে ঠেকান একুয়েডর গোলরক্ষক।
 
প্রথমার্ধের বাকি সময়টায় কর্তৃত্ব ছিল ব্রাজিলেরই। তবে কোনো আক্রমণই গোলমুখে গিয়ে সফলতার মুখ দেখেনি। গ্যালারিতে বসে নতুন দোস্ত পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে মজা করতে থাকা নেইমারের অভাবটা মাঠে তখন খুব টের পাওয়া গেছে।
 
গোলশূন্য এক ঘণ্টার পর জোনাসকে উঠিয়ে গাব্রিয়েল বারবোসাকে নামান দুঙ্গা। কিন্তু ব্রাজিলকে গোল এনে দিতে পারেননি সান্তোসের এই তরুণ ফরোয়ার্ড।  
 

৬৬তম মিনিটে মিলার বোলানোসের নিচু একটি ক্রসে বল ঠিকমতো ধরতে না পেরে জালেই ঢুকিয়ে দিয়েছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। ভাগ্য ভালো তার; ক্রসটির আগে বল লাইন পেরিয়ে গিয়েছিল। ডাগআউটে একুয়েডরের কোচ-কর্মকর্তারা লাফিয়ে উঠলেও উদযাপনটা দ্রুতই থেমে যায়। ৮৩তম মিনিটে দ্বিতীয়ার্ধের সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিলেন উইলিয়ানের বদলি হিসেবে নামা লুকাস মউরা। রেনেতো আগুস্তোর উঁচু পাস থেকে পিএসজির এই উইঙ্গারের হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টের একটু বাইরে দিয়ে যায়। ১৯৯৪ সালের বিশ্বকাপের ফাইনালে এই স্টেডিয়ামেই বতর্মান কোচ দুঙ্গার অধিনায়কত্বে ইতালিকে হারিয়ে চতুর্থ শিরোপা জয় করেছিল ব্রাজিল। একই মাঠে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের এখন অন্য রূপ! ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে পেরু। কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে এই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরে আয়োজিত এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে কোস্টা রিকা ও প্যারাগুয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।