২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে ওয়ান্ডারার্সের তৃতীয় জয়

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে এখনও অজেয় রয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। সাধারণ বীমা কেএসকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। একই দিনে সোনালী ব্যাংক এসআরসির সঙ্গে ড্র করেছে ওয়ারী ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 08:14 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার সাধারণ বীমাকে ৬-১ গোলে হারায় ওয়ান্ডারার্স।

সোনালী ব্যাংককে ৭-৪ ও আজাদ এসসিকে ৩-২ গোলে হারানোর পর ওয়ান্ডারার্স নিজেদের তৃতীয় ম্যাচে অ্যাজাক্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।

রাকিবুল ইসলাম একটি ও জাসবিন্দর সিং দুটি গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে খলিলুর রহমানের গোল দলের জয়ের সম্ভাবনা আরও বাড়ায়।

৫৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে মাসুম বিল্লাহর গোলে ম্যাচে ফেরার যা একটু ইঙ্গিত দিয়েছিল সাধারণ বীমা। কিন্তু শেষ দিকে আরও দুই গোল করে সাধারণ বীমাকে ঘুরে দাঁড়ানোর ‍সুযোগ দেয়নি ওয়ান্ডারার্স।

দিনের অপর ম্যাচে ২-২ ড্র করে সোনালী ব্যাংক ও ওয়ারী। চতুর্থ মিনিটে প্রসেনজিতের গোলে এগিয়ে যায় সোনালী ব্যাংক। ওয়ারীকে ২৬তম মিনিটে সমতায় ফেরান শিহাব।

৩৪তম মিনিটে শিহাবের গোলেই এগিয়ে যায় ওয়ারী। ৫৫তম মিনিটে প্রসেনজিতের দ্বিতীয় গোলে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সোনালী ব্যাংক।