মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপও ইউভেন্তুসের
হুয়ান গিলেরমে কুয়াদ্রাদো ও আলভারো মোরাতা-এই দুই বদলি খেলোয়াড়ের হাত ধরে কোপা ইতালিয়ার মুকুটও ধরে রাখল ইউভেন্তুস। এসি মিলানের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ‘ডাবল’ জয়ের উচ্ছ্বাসে ভাসল মাস্সিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ভেঙে যাওয়ার পর ইউভেন্তুসের সামনে ছিল ‘ডাবল’ জয়ের সুযোগ। টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা ঘরে তোলা দলটি রোমের অলিম্পিক স্টেডিয়ামে ১-০ গোলের জয়ে দ্বি-মুকুটের বৃত্ত পূরণ করল। ইতালির প্রথম দল হিসেবে টানা দুই মৌসুমে 'ডাবল' জিতল দলটি।
১০টি ইতালিয়ান কাপ নিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সবার ওপরেই ছিল ইউভেন্তুস। একাদশ শিরোপা জিতে চূড়াটা আরেকটু উচুঁ করলেন পগবা-মোরাতারা। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইতালিয়ান কাপ জিতল তারা।
শনিবার রাতে নির্ধারিত নব্বই মিনিটে কোনো দলই গোল পায়নি। অতিরিক্ত সময়ের প্রথম অর্ধে ইউভেন্তুসের এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ নষ্ট হয়। পল পগবার জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ফেরান মিলান গোলরক্ষক।
পাঁচটি ইতালিয়ান কাপের সর শেষটি মিলান জিতেছিল ২০০৩ সালে; ইউভেন্তুসের কাছে হারে এ আসরে দলটির শিরোপা খরা আরও বাড়ল।
সব মিলিয়ে হতাশা দিয়ে আরেকটি মৌসুমও শেষ হলো সেরি আর অন্যতম সফল দলটির। ২০১০-১১ মৌসুমে সব শেষ সেরি আ শিরোপা জেতা মিলান এ মৌসুমে লিগ শেষ করে সপ্তম স্থানে থেকে।
