বিশ্বকাপে বাকি ২৮তম, শোভন ৬১তম
জার্মানির মিউনিখে শুটিং বিশ্বকাপের তৃতীয় পর্বে আলো ছড়াতে পারেননি আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে বাকি ২৮তম ও শোভন ৬১তম হয়েছেন।
গ্লাসগো কমনওয়েথ গেমসে রুপা জেতা বাকি ৬২৪.৮ স্কোর করেন। ৬২১ স্কোর করেন শোভন। বাছাইয়ে টেকা আট জনের মধ্যে সর্বশেষ শুটার জার্মানির ইয়ুস্টাস ইউলিয়ান (৬২৭.৬)।
ওয়াইল্ড কার্ড নিয়ে রিও দে জেনোইরোর অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া বাকি অবশ্য ব্রাজিলে হওয়া শুটিং বিশ্বকাপের আগের পর্বেও হতাশ করেন। ৬২২.৮ স্কোর গড়ে ৩০তম হয়েছিলেন তিনি। ব্রাজিলের ওই আসরে ৬২০.৭ স্কোর গড়ে ৪৬তম হন শোভন।
