২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিনার ইয়াংসকে প্রথম হারের স্বাদ দিল ঊষা

হকির আঙিনায় চেনা মুখ ‘ওস্তাদ ফজলু’ কিছুটা হতাশা নিয়েই প্রেস বক্স ছাড়লেন। শনিবার প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মুখোমুখি হওয়া দুই দলে আছে তার তিন শিষ্য। কিন্তু যে আশা নিয়ে মাঠে আসা, তা পূরণ হয়নি ফজলুল ইসলামের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

ঐতিহ্যবাহী ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে জমাট লড়াই করতে পারেনি নতুন শক্তি হয়ে ওঠার অপেক্ষায় থাকা মেরিনার ইয়াংস। একপেশে ম্যাচে মেরিনার ইয়াংসকে প্রথম হারের স্বাদ দিয়ে ৪-১ গোলে জিতেছে ঊষা।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে ৪-১ গোলে বাংলাদেশ রেলওয়েকে হারিয়েছে আজাদ এসসি। রফিকুল ইসলামের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল রেলওয়ে। সজীব হোসেনের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়ায় আজাদ। ৫৯তম মিনিটে নাসির হোসেন ম্যাচের শেষ গোলটি করলে জয় নিয়ে মাঠ ছাড়ে আজাদ।

পাঁচ বিদেশি নিয়ে নামা ঊষা শুরু থেকে ছিল ম্যাচের চালকের আসনে। আবাহনী লিমিটেডের সঙ্গে গত আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া দলটি গোছালো সব আক্রমণ করে মেরিনার ইয়াংসের রক্ষণ ব্যস্ত রাখে। তবে দুই বিদেশি নিয়ে নামা মেরিনার রক্ষণ দেয়াল জমাট রাখতে পারেনি বেশিক্ষণ। পেনাল্টি কর্নার থেকে ২১তম মিনিটে এগিয়ে যায় ঊষা। কৃষ্ণ কুমারের পুশ সারোয়ার স্টপ করার পর লক্ষ্যভেদ করেন আলিম বেলাল।

পুস্কর ক্ষীসা মিমোর হাত ধরে ব্যবধান দ্বিগুণ করে নিয়ে বিরতিতে যায় ঊষা। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে মেরিনার ইয়াংস গোলরক্ষককে নিখুঁত ফ্লিকে পরাস্ত করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। ৬১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মেরিনার ইয়াংস।

শেষ দিকে ব্যবধান বাড়াতে আরও আগ্রাসী খেলা ঊষা তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে পুরো তিন পয়েন্ট নিশ্চিত করে নেয়। ৬৬তম মিনিটে সারোয়ারের পাওয়া হিটে হাসান যুবায়ের নিলয়ের ফ্লিক ঠিকানা খুঁজে পায়। ৬৯তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন মাহাবুব হোসেন।

চলতি লিগে এটি ঊষার টানা তৃতীয় জয়। ওয়ারী ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে শুরু করা মামুনুর রশিদের দল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রেলওয়েকে ১৩-০ ব্যবধানে উড়িয়ে দেয়। অ্যাজাক্স এসসিকে ৪-১ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল মেরিনার ইয়াংস।

দলের হারে অভিজ্ঞতার ঘাটতি দেখছেন মেরিনার ইয়াংসের কোচ পিটার গেরহার্ড, “ছেলেদের অভিজ্ঞতার অভাব আছে। বারবার বলেও কিছু বিষয় তাদের বোঝানো যাচ্ছে না। তবে আমার বিশ্বাস সামনের ম্যাচগুলোয় ছেলেরা ঘুরে দাঁড়াবে।”

জিতলেও ব্যবধান বেশি না হওয়ায় হতাশ ঊষা কোচ মামুনুর, “ছেলেদের খেলায় খুব খুশি নই। ওরা আরও ভালো খেলতে পারত। আর গোল পেতে পারত। পাকিস্তানের খেলোয়াড়রা আজ প্রথম খেলেছে, ফলে ওদের খেলায় সমন্বয় ছিল না।”