হকি লিগে জয়রথে মোহামেডান
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয়ের ধারায় আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোনালী ব্যাংক এসআরসিকে হারিয়েছে তারা। দিনের বড় জয়টি অবশ্য পেয়েছে সাধারণ বীমা; বাংলাদেশ রেলওয়েকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার সোনালী ব্যাংককে ৩-১ গোলে হারায় মোহামেডান। মোহাম্মদ ইমরান দুটি ও ওমর ভুট্টো একটি গোল করলে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
আজাদ এসসিকে ১২-০ গোলে গুঁড়িয়ে দিয়ে এবারের লিগ শুরু করেছিল মোহামেডান। অন্যদিকে এ নিয়ে টানা দুই ম্যাচ হারল সোনালী ব্যাংক; নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের কাছে ৭-৪ গোলে হেরেছিল তারা।
দিনের প্রথম ম্যাচে আধিপত্য করেই জিতেছে সাধারণ বীমা। বাংলাদেশ এসসির কাছে হেরে লিগ শুরু করা দলটি প্রথম জয় পেলো। দলের জয়ে মহসিন বিল্লাহ ও শামীম মিয়া দুটি করে গোল করেন। বাকি চার গোলদাতা আফসার উদ্দিন, ফরহাদ আহমেদ, মোহাম্মদ রাসেল ও ওয়াহিদ রাশিদ।
এ নিয়ে টানা তিন ম্যাচ হারল রেলওয়ে। আবাহনী ক্রীড়া চক্রের কাছে ১৪-০ গোলে হেরে লিগ শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে ঊষা ক্রীড়া চক্রের কাছে ডুবেছিল ১৩-০ ব্যবধানে।
