ইউরোপায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়া
প্রথম দল হিসেবে ইউরোপা লিগে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কীর্তি গড়েছে সেভিয়া। ফাইনালে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে স্পেনের দলটি।
এই জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের টিকেটও নিশ্চিত করল সেভিয়া।
এবারের লা লিগায় সপ্তম হওয়া দলটি এই নিয়ে মোট পাঁচবার ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো। ২০০৫-০৬ ও ২০০৬-০৭ মৌসুমে প্রথম দুটি শিরোপা জিতেছিল সেভিয়া। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে শিরোপা জিতেছে ইউভেন্তুস, ইন্টার মিলান ও লিভারপুল।
