২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিচিচি ট্রফি জয়ের কৃতিত্ব সতীর্থদের দিলেন সুয়ারেস

লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জয়ের কৃতিত্ব সতীর্থদের ভাগ করে দিয়েছেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 05:59 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

রিয়ালকে হতাশ করে চ্যাম্পিয়ন বার্সেলোনা
মেসি-রোনালদোকে সরিয়ে গোলের রাজা সুয়ারেস
পিকের দুবার লা লিগা জয়ের অনুভূতি
‘ধারাবাহিক খেলায় শিরোপা বার্সার’

সুয়ারেসের দারুণ এক হ্যাটট্রিকে শেষ রাউন্ডের ম্যাচে গ্রানাদার মাঠে ৩-০ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখার উচ্ছ্বাসে ভাসে বার্সেলোনা।

ম্যাচ শেষে সুয়ারেস বলেন, “সবাইকে ধন্যবাদ। কারণ, তাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। তাদের ছাড়া আমি এই অবস্থায় থাকতাম না। আমার শুধু বলে পা ছোঁয়াতে হয়েছে। তারা আমাকে খুঁজে নিয়েছে এবং আমি এর জন্য কৃতজ্ঞ। আবার সবাইকে ধন্যবাদ।”

৪০ গোল নিয়ে লিগ শেষ করা সুয়ারেস পিচিচি ট্রফির লড়াইয়ে মেসি-রোনালদোর আধিপত্যের অবসান ঘটালেন।

২০০৯ সালের পর মেসি ও রোনালদোর বাইরে এবারই অন্য কেউ পুরস্কারটি জিতলেন। ২০০৯-১০ থেকে গত মৌসুম পর্যন্ত মোট তিনবার করে পুরস্কারটি জেতেন এই দুই তারকা। এছাড়া লা লিগার ইতিহাসে মেসি ও রোনালদোর পর এক মৌসুমে ৪০ গোলের কীর্তি গড়লেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।

দুর্দান্ত এই পথচলায় মোট ছয়টি হ্যাটট্রিক করেন সুয়ারেস। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে অন্য কেউ তিনটির বেশি করতে পারেননি। শুধু গোল করায় নয়, মৌসুম জুড়ে সতীর্থদের দিয়ে গোল করানোতেও দারুণ পারদর্শী ছিলেন সুয়ারেস, এ পর্যন্ত মোট ১৬টি গোল করিয়েছেন তিনি। লা লিগায় সমান সংখ্যক গোল করিয়েছেন কেবল মেসি।  

মৌসুম জুড়ে এ গোলবন্যায় দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন সু জেতাও নিশ্চিত করলেন সুয়ারেস।

সুয়ারেস বলেন, “এটা অনন্য এক মুহূর্ত। আমি সব কিছুর জন্য খুশি। শিরোপা, গোলগুলো, সমর্থকদের আমরা যে আনন্দ দিয়েছি; এসবের জন্য।”

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সেলোনার সামনে এখন ঘরোয়া ‘ডাবল’ জয়ের হাতছানি। এই লক্ষ্যে আগামী রোববার কাতালান ক্লাবটি কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে।

কাপের ফাইনাল নিয়ে ভাবতে শুরু করার আগে লা লিগার শিরোপা জয় উদযাপন করে নিতে চান সুয়ারেস।

“আমাদের এখন কাপ নিয়ে ভাবতে হবে। তবে আজ লা লিগা জয় উপভোগ করার সময়। এই প্রতিযোগিতার জন্য আমরা বছর জুড়ে খুব পরিশ্রম করেছি এবং শেষে এর পুরস্কার পেয়েছি আমরা।”