শিরোপা জয়ের বিশ্বাস আছে রিয়ালে
শেষ রাউন্ডের আগে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকলেও লা লিগার শিরোপা জয়ের আশা ছাড়ছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
জিতলেই শিরোপা ঘরে তুলবে-এই হিসেব নিয়ে আগামী শনিবার গ্রানাদার মাঠে খেলতে নামবে ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা। একই দিন একই সময়ে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল খেলবে দেপোর্তিভো লা করুনার মাঠে।
গত ফেব্রুয়ারিতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হারার পর লিগে টানা ১১ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে শেষ রাউন্ডের ম্যাচটি খেলতে নামছে রিয়াল।
জিদান বলেন, “আমরা বিশ্বাস করি যে, লিগ শিরোপা জেতা এখনও সম্ভব এবং আমাদের বিশ্বাস আছে। কেন নয়? আমরা টানা ১১ ম্যাচ জিতেছি।”
“আমরা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছি এবং শেষ সেকেন্ড পর্যন্ত বিশ্বাস থাকবে আমাদের।”
জিদান বলেন, “আমি এইসব বিষয়ে জড়াব না। এটা একটা ফাইনাল এবং তিন পয়েন্ট পেতে আমাদের এখনও সেরা ম্যাচটি খেলতে হবে। নিজেদের ম্যাচটি জয়ের বিষয় ছাড়া আর কিছু আমাদের মাথায় নেই। আমি অন্য কোনো ক্লাব সম্পর্কে কোনো কিছু বলতে পারি না। আমি শুধু ম্যাচে মনোযোগ দেই।”
“বোনাস? আমি জানি না, আপনারা কী নিয়ে কথা বলছেন। আমরা আমাদের সেরা পারফরম্যান্স করব এবং ম্যাচটি জেতার চেষ্টা করব। অন্য জায়গার বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।”
দেপোর্তিভোর বিপক্ষে তাদের মাঠে খেলাটা কঠিন হবে বলে মনে করেন জিদান।
লিগ ছাড়াও রিয়ালের সামনে আছে মৌসুমের সেরা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা। আগামী ২৮ মে সান সিরোতে ফাইনালে আতলেতিকোর মুখোমুখি হবে তারা।
দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে জিদান বলেন, “২৮ মের ম্যাচটিতে সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ…। এটা একটা স্বপ্ন।”
